
কিমের সঙ্গে বৈঠকে রাজি ট্রাম্প
রূপসী বাংলা ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে বৈঠক করতে রাজী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওয়াশিংটনে অবস্থানরত দক্ষিণ কোরিয়ার উর্ধ্বতন কর্মকর্তারা এ ঘোষণা দিয়েছেন। দুই নেতার বৈঠকের কোনো সুনির্দিষ্ট তারিখ জানা যায়নি। তবে মে মাস নাগাদ বৈঠকটি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সিউল। খবর বিবিসি।
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের একটি আমন্ত্রণ পত্র হস্তান্তর করেন। এরপরই কিমের সঙ্গে বৈঠকের বিষয়ে সবুজ সঙ্কেত দেন ট্রাম্প।
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠক অনুষ্ঠিত হবার আগ পর্যন্ত উত্তর কোরিয়া তাদের সব পারমানবিক এবং মিসাইল কার্যক্রম বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
এ ধরণের বৈঠকের বিষয়টি বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। কেননা এর আগে উত্তর কোরিয়ার সঙ্গে কোনো রকম আলোচনার সম্ভবানা নাকচ করে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া গত কয়েক মাস ধরেই উত্তর কোরিয়া এবং আমেরিকার মধ্যে হুমকি ও পাল্টা হুমকি চলছিল।
চলতি সপ্তাহের প্রথম দিকে দক্ষিণ কোরিয়ার নেতারা পিয়ংইয়ং-এ উত্তর কোরিয়ার নেতার সাথে একটি নজিরবিহীন বৈঠক করেছেন।
দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চুং ইউই ইয়ং হোয়াইট হাউজ থেকে বের হয়ে জানিয়েছেন, মে মাসের মধ্যে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবে। তবে বৈঠকের সুনির্দিষ্ট তারিখ এবং স্থান এখনো নির্ধারিত হয়নি।
সূত্র: বিবিসি



