
কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দায় বাইডেন
গতকাল সোমবার ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, সামরিক কোনো উদ্দেশ্য সাধন ছাড়াই রাশিয়া ইউক্রেনের বেসামরিক নাগরিকদের হামলার নিশানা করেছে। এ সময় যুক্তরাষ্ট্র এবং মিত্ররা মিলে রাশিয়াকে এর মূল্য দিতে বাধ্য করবেন বলে অঙ্গীকার করেন তিনি।
হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইউক্রেনজুড়ে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক নাগরিকরা হতাহত হচ্ছে। এতে কোনোরকম উদ্দেশ্য সিদ্ধি হচ্ছে না। এ হামলার মাধ্যমে রাশিয়া তার নির্মম চেহারা প্রদর্শন করেছে। যুক্তরাষ্ট্র এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।
বাইডেন বলেন, রাশিয়ার এবারের হামলায় ইউক্রেনের জনগণের পাশে থাকার ব্যাপারে যুক্তরাষ্ট্রের যে প্রতিজ্ঞা, তা আরও দৃঢ় হবে। রাশিয়ার ওপরে আমরা আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপাতে থাকব। যুদ্ধাপরাধের জন্য পুতিন ও রাশিয়াকে জবাবদিহি করানোর ব্যবস্থা করব। আর ইউক্রেন তাদের দেশ রক্ষায় প্রয়োজনীয় সমস্ত সমর্থন আমাদের কাছে পাবে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত ইউক্রেনকে ১ হাজার ৬৮০ কোটি ডলারের বেশি সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি রাশিয়ার ওপর বিভিন্ন খাতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।



