
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা
বহু বছরের মধ্যে ভয়াবহ দাবানলে পুড়ছে আমেরিকার অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। গতকাল বুধবার (১৯ আগস্ট) হাজার হাজার বাড়িঘর-স্থাপনা পুড়েছে, বিস্তীর্ণ জমি হুমকির মুখে।
এই অবস্থায় প্রতিবেশী রাজ্যগুলোর কাছ থেকে সহায়তা চেয়েছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ এবং জরুরি অবস্থাও ঘোষণা করেছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেছেন- অ্যারিজোনা, নেভাদা এবং টেক্সাস অঙ্গরাজ্য থেকে সাহায্য হিসেবে তিনি আগুন নির্বাপণের জন্য ৩৭৫টি ইঞ্জিন চেয়েছেন। তিনি বলেন, ‘আমরা এমন পরিস্থিতি দেখছি যা বহু বছর ধরে দেখি নি।’
দাবানলে প্রায় দুশ’ স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চারজন আহত হয়েছেন। আগুন নেভাতে গিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন চালক।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, ক্যালিফোর্নিয়ার পালো আলতো শহরের বিশ মাইল পূর্বে কয়েকটি দাবানলে ৮৫ হাজার একর জমি পুড়ছে। বুধবার রাতে তা দ্বিগুণ আকার ধারণ করেছে, হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।
ক্যালিফোর্নিয়ার কর্তৃপক্ষ বলছে, বুধবার পর্যন্ত ৭২ ঘণ্টায় ১১ হাজার বিদ্যুৎ চমকানি আর বজ্রপাতের ঘটনা ঘটেছে যা থেকে ৩৬৭টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে ২৫টি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রেকর্ড পরিমাণ তাপমাত্রার ফল হিসেবে এই দাবানল সৃষ্টি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।❐



