
ক্লাসে ফেরার ঘোষণা ৪২১ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের
রূপসী বাংলা ডেস্ক:নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের ৯ দফা দাবি বাস্তবায়নে সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন রাজধানীর ৪২১ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন উদ্যোগে ‘নিরাপদ সড়ক ও আমাদের করণীয়’ শীর্ষক মুক্ত আলোচনায় রাজধানীর শীর্ষস্থানীয় ৪২১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। সেখান থেকেই শিক্ষার্থীরা এই ঘোষণা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।
বিশ্ববিদ্যালয়গুলোতে নিরাপদ সড়ক বিষয়ে আলাদা বিভাগ খোলার প্রস্তাব করে আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐশান্তি দাস ঐশী বলেন, ‘আমাদের স্কুলের পক্ষ থেকে বলতে চাই, আমাদের দাবি সরকার মেনে নিয়েছে। আমরা আর রাজপথে থাকবো না। ক্লাসে ফিরে যাবো।’ এই শিক্ষার্থী নিরাপদ সড়কের জন্য ছাত্রছাত্রীদের ব্যবহার করার কথাও জানান।
রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রুম্মন বলেন, ‘আমাদের দাবি মেনে নিয়েছে সরকার। তাই আমরা ক্লাসে ফিরে যেতে চাই।’ এই শিক্ষার্থী প্রতিটা স্কুল-কলেজের সামনে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করার জন্য মেয়রেকে অনুরোধ করেন।
এসময় কামরুন নাহার নামে একজন অভিভাবক বলেন, ‘তোমরা যারা নিরাপদ সড়কের জন্য ৯ দফা দাবিতে আন্দোলন করেছ, তোমরা সফল। কেননা সরকার ইতিমধ্যে তোমাদের দাবি মেনে নিয়েছে। তাই এখন তোমরা ক্লাসে ফিরে যাও। পড়াশোনায় মনযোগ দাও।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, ‘শিক্ষার্থীদের দাবি, আমাদের প্রাণের দাবি, তোমাদের দাবি বাস্তবায়নে আমাদের যতটুক করণীয় আমরা করবো। তোমরা ক্লাসে ফিরে যাও।’
গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কাছে বাসচাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মীম ও আব্দুল করিম সজিব নিহত হয়। শিক্ষার্থী নিহতের ঘটনায় চালকের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়কের দাবিসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। গত বুধবার সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে তাদের ঘরে ফেরার আহ্বান জানানো হলেও ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা।



