
ক্ষোভ থেকে কোটা বাতিল করিনি: প্রধানমন্ত্রী
রূপসী বাংলা ডেস্ক:ছাত্রদের আন্দোলনের মুখে সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত কোনো ধরনের ক্ষোভ থেকে করা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা নিয়ে কোনো আলোচনা বা নতুন করে বিবেচনার সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি।
সৌদি আরব, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার গণভবনে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান শেখ হাসিনা।
এক প্রশ্নে প্রধানমন্ত্রী জানান, ছাত্ররা যেহেতু এই কোটা চাচ্ছে না, তাই তিনি তা না রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই আন্দোলন যে যুক্তিযুক্ত ছিল না, সেই বিষয়টিও উল্লেখ করেন তিনি।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিলের কথা বলেন। কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলে সঙ্গে সঙ্গে সে অনুযায়ী ব্যবস্থা নিতে প্রস্তুত বলে জানিয়ে আসছে জনপ্রশাসন মন্ত্রণালয়; তবে প্রজ্ঞাপন না পেয়ে হতাশ আন্দোলনকারীরা।
এরপর গত ২৭ এপ্রিল আন্দোলনকারী নেতাদের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রী দেশে ফিরলে তার ঘোষণা কীভাবে কার্যকরে স্বল্প সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।
বিদেশ সফর শেষে সংবাদ সম্মেলনে এসে প্রধানমন্ত্রী আবার জানালেন সরকারি চাকরিতে কোটা থাকবে না। তবে প্রজ্ঞাপন কবে জারি হবে এ ব্যাপারে তিনি কিছু জানাননি।



