বাংলাদেশরাজনীতি

খালেদা জিয়াকে বিদেশে লিভার রিপ্লেসমেন্টের পরামর্শ চিকিৎসকদের

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবি জানানো হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মেডিকেল বোর্ডের চিকিৎসকদের বরাত দিয়ে এমন দাবি জানিয়েছেন।

শনিবার (১৭ জুন) রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে ব্রিফিংকালে তিনি এ দাবি জানান।

ডা. জাহিদ হোসেন বলেন,গত ১৩ জুন থেকে আজকে পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে তিনি (খালেদা জিয়া) আপেক্ষিকভাবে সুস্থ বোধ করছেন। এ কারণে মেডিকেল বোর্ড তাকে বাসায় রেখে আগের মতোই পূর্ণ চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মেডিকেল বোর্ড আবারও লিখিত সুপারিশ করেছেন,যত দ্রুত সম্ভব লিভার রিপ্লেসমেন্টের জন্য আধুনিক অ্যাডভান্স সেন্টারে রেখে উন্নত চিকিৎসার জন্য তাকে যেন বিদেশ পাঠানোর ব্যবস্থা করা হয়। লিভার রিপ্লেসমেন্টের জন্য আধুনিক অ্যাডভান্স সেন্টার দেশে নেই।

এজেডএম জাহিদ হোসেন বলেন, এবার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বারবার অনুরোধ করেছেন এবং তারা লিখিতভাবে বলেছেন, ম্যাডামের ক্রনিক লিভার ডিজিজের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যত দ্রুত সম্ভব নিয়ে যাওয়ার জন্য। বিশেষ করে খালেদা জিয়ার টিপস-এর সুবিধা সম্বলিত অ্যাডভান্স সেন্টারে অর্থাৎ লিভারের চিকিৎসা হয় এমন সুবিধা সম্বলিত আধুনিক চিকিৎসা সেন্টারে নেওয়ার সুপারিশ করেছেন।

বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে এর আগে গতকাল রাত ৭টা ৫০ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজায়’ ফেরেন খালেদা জিয়া। এখন বাসায় থেকে বেগম জিয়ার চিকিৎসা চলবে।

সাংবাদিকদের ডা. জাহিদ আরও বলেন, আজও (শনিবার) সকাল বেলা কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তাতে দেখা যায়, ১৩ জুন থেকে যে সমস্যা ছিল তা কিছুটা কমেছে। অপেক্ষাকৃত কিছুটা সুস্থবোধ করেছেন। সে কারণেই ওনাকে বাসায় রেখে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে আগের মতো যে চিকিৎসা চলছিল তা অব্যাহত রাখা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension