বাংলাদেশরাজনীতি

খালেদা জিয়ার চিকিৎসায় ৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

রূপসী বাংলা ঢাকা ডেস্ক: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় ৪ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কারা-কর্তৃপক্ষের কাছ থেকে চিঠি পাওয়ার পর বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) এই মেডিকেল বোর্ড গঠন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের একটি বিশ্বস্থ সূত্র জানায়, খালেদা জিয়ার চিকিৎসার জন্য অধ্যাপক আব্দুল জলিল চৌধুরীর নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন- আবু জাফর চৌধুরী বিরু, অধ্যাপক তারেক রেজা এবং অধ্যাপক শামসুন্নাহার।

বৃহস্পতিবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী জানান, মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাওয়ার পর খালেদা জিয়ার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠনের জন্য তারা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। সে অনুযায়ী একটি বোর্ড গঠন করা হয়েছে বলে শুনেছি। তবে এখনও আমরা এ সংক্রান্ত কোনো কাগজপত্র পাইনি।

কারা সূত্র জানিয়েছে, আগামী ১৫ বা ১৬ সেপ্টেম্বর মেডিকেল বোর্ড কারাবন্দি খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা করতে কারাগারে যেতে পারে।

গত ৯ সেপ্টেম্বর খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কথা বলতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ওইদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে। সে জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে, খালেদা জিয়ার পছন্দ অনুযায়ী দ্রুত তাকে যেন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য দ্রুত মেডিকেল বোর্ড গঠন করা হবে।

এদিকে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারিক আদালতে (বিশেষ জজ আদালত-৫) খালেদা জিয়ার চাহিদা মোতাবেক হাসপাতালে চিকিৎসা দেয়ার আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। সুস্থ না হওয়া পর্যন্ত বিচারের কাজ মুলতবি রাখতেও আদালতে আবেদন জানান তিনি।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া। এরই মধ্যে একবার তার স্বাস্থ্য পরীক্ষার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের দিয়ে বিশেষায়িত বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শারীরিক পরীক্ষা করতে গত ৭ এপ্রিল খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension