বাংলাদেশরাজনীতি

খালেদা জিয়ার মামলার পরবর্তী শুনানি ১৪ নভেম্বর

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  ঢাকার ৯ নং বিশেষ জজ আদালতে নাইকো দুর্নীতি মামলার শুনানি চলাকালে আজ বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উচ্চারণ না করেই বলেছেন, নাইকো দুর্নীতির ঘটনায় ওনার নামে তো একটা মামলা হয়েছে। কাউকে সেভ করবেন আর কাউকে বলি দেবেন এটা ঠিক নয়। ন্যায়বিচারের জন্য ওনাকে আদালতে হাজির করা হোক।

এর পরিপ্রেক্ষিতে আদালতও কারও নাম উল্লেখ না করে খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছে, ওই মামলাটি তো শেষ হয়ে গেছে।

শুনানির এক পর্যায়ে মওদুদ আহমদ এই ঘটনায় আরেকটি মামলা হয়েছে বলে আদালতকে জানান। বিচারক তখন বলেন, এটা আপনার (মওদুদ) অংশ নয়। এ পর্যায়ে খালেদা জিয়া কথাগুলো বলেন।

শুনানি শেষে আদালত মামলাটির পরবর্তী শুনানির জন্য ১৪ নভেম্বর দিন ধার্য করে।

শুনানিতে মওদুদ আদালতকে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) একটু সময় চাচ্ছি। আর শুনানি করতে পারছি না। তখন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন বলেন, ‘আপনার জন্য মামলাটির বিচার কার্যক্রম শেষ করতে সময় লাগছে। আপনি বারবার সময় নিচ্ছেন। আপনি আদালতে বলেন অসুস্থ আর বিকেলে সংবাদ সম্মেলন করেন। আজকেই আপনাকে শুনানি শেষ করতে হবে এবং খালেদা জিয়ার পক্ষেও আজ শেষ করতে হবে।’

এরপর শুনানির একপর্যায়ে বেলা সোয়া ১টার দিকে খালেদা জিয়া বলেন, ‘আমি আর বসে থাকতে পারছি না। হাসপাতাল থেকে সরাসরি আমাকে এখানে আনা হয়েছে। বসে থাকতে আমার কষ্ট হচ্ছে। এ পর্যায়ে আদালতে বলেন, ঠিক আছে সময় দিচ্ছি। সেদিন আপনার (মওদুদ) ও খালেদা জিয়ার পক্ষে শুনানি শেষ করতে হবে।’

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension