
গান্ধী পরিবারের বিশেষ সুরক্ষা প্রত্যাহার করল মোদী সরকার
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: শাসক-বিরোধী তরজায় এবার কোপ পড়ল নিরাপত্তায়। গান্ধী পরিবারের বিশেষ সুরক্ষা তুলে নিল কেন্দ্র। দ্বিতীয়বারের জন্য সরকার গড়ার পর সিদ্ধান্ত নিল মোদী সরকার। স্পেশাল প্রোটেকশন গ্রুপ কভারের আওতায় আর থাকছে না গান্ধী পরিবার। যার জেরে গান্ধী পরিবারের সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী এবার থেকে ‘জেড-প্লাস’ ক্যাটাগরির সুরক্ষাকবচ পেতে চলেছে।
সূত্রের খবর, গান্ধী পরিবারের নিরাপত্তায় থাকবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কম্যান্ডোরা। গোয়েন্দা সূত্রে আরও জানা গিয়েছে, বিভিন্ন পর্যায়ে হামলার হুমকির তথ্যকে পর্যালোচনা করেই এসপিজি কভার তুলে নেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের তরফে নেওয়া হয়েছে। তবে সাম্প্রতিককালে এইরকম কোন হুমকি গান্ধী পরিবারকে দেওয়া হয়নি বলেই জানা গিয়েছে।
সম্প্রতি, কেন্দ্রীয় সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নিরাপত্তাও কমিয়ে দিয়েছে। সেক্ষেত্রেও এসপিজি কভার প্রত্যাহারের ফলে ‘জেড-প্লাস’ ক্যাটাগরি করে দেওয়া হয়।
স্পেশাল প্রোটেকশন গ্রুপ একটি ঊচ্চপদস্থ সশস্ত্র বাহিনী যা মূলত প্রধানমন্ত্রী এবং তাঁর পরিবারের নিরাপত্তা সংক্রান্ত দায়িত্বে থাকে। প্রাক্তন প্রধানমন্ত্রীর দায়িত্বেও এসপিজি থাকে। নির্দিষ্ট সময়ের পর এই সিদ্ধান্তে পরিবর্তন হয়।
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর আগে তাঁকে দিল্লি পুলিশ তার নিরাপত্তার দায়িত্বে ছিল। ইন্দিরা গান্দির মৃত্যুর পরই কেন্দ্রের তরফে এসপিজি তৈরি করা হয়।



