
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবুকে দুই-এক দিনের মধ্যে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ।
আজ শুক্রবার বিকেলে বকশীগঞ্জ উপজেলার পাটহাটি এলাকায় ঘটনাস্থল পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার মো. নাছির উদ্দিন বলেন, নাদিম হত্যায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং ইতিমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছ। সিসিটিভিতে ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয়েছে।
চিহ্নিতদের গ্রেপ্তারে পুলিশের পাঁচটি টিম তিনদিন ধরে কাজ করে যাচ্ছে উল্লেখ করে পুলিশ সুপার নাছির বলেন, ‘সেই চেয়ারম্যান বাবু, যে নাদিম হত্যাকাণ্ডের নির্দেশদাতা, হুকুমদাতা তাকে গ্রেপ্তারের জন্য আমাদের এলআইসি টিম কাজ করছে। আমরা বলতে পারি যে, আমরা হয়তো এক-দুই দিনের মধ্যে তাকে গ্রেপ্তার করতে পারব।
তিনি সাংবাদিকদের বলেন, সিসিটিভি ফুটেজ দেখে আমরা এরমধ্যে ৬জনকে গ্রেপ্তার করেছি। বাকিদের চিহ্নিত করতে পেরেছি এবং আমরা ম্যানুয়েলিও আরও কারা ছিল তাদের চিহ্নিত করে ফেলেছি ইতিমধ্যে।
উল্লেখ্য, বুধবার (১৪ জুন) রাতে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাথাটিয়া এলাকায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলা হয়। সন্ত্রাসী হামলায় আহত হওয়ার পর বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মাথায় গুরুতর আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা।



