
জাতিসংঘের কোনো কার্যকারিতা বাস্তবে নেই: ওবায়দুল কাদের
বাস্তবে জাতিসংঘের কোনো কার্যকারিতা নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জাতিসংঘের বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর সময় নেই। সুদান ও গাজায় কী হচ্ছে? জাতিসংঘের কোনো কার্যকারিতা নেই বাস্তবে। তাদের আসল দায়িত্ব তারা তো পালন করতে পারছে না। রাজনৈতিক সহিংসতা নিয়ে জাতিসংঘের দেয়া বিবৃতি প্রসঙ্গে জানতে চাইলে বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
বিএনপি ছাড়া আরেকটি নির্বাচনের দিকে দেশ এগোচ্ছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, আই ডোন্ট নো। বিএনপির অধিকার ইলেকশন করার। তারা ইলেকশন না করলে করবে না। আমার কথা হলো বাংলাদেশের সংবিধান পরিবর্তন হচ্ছে না। সংবিধান যেভাবে বলছে আমাদের ইলেকশন, আমাদের গণতন্ত্র ঠিক সেভাবে চলবে, এতে কে এলো বা কে এলো না দ্যাট ডাজেন্ট ম্যাটার।
বিএনপিকে ছাড়া নির্বাচন হলে দেশ-বিদেশে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্পেস দেন, সময় আসুক। তিনি বলেন, বিএনপি না এলে আমরা কি তাদের জোর করে আনবো? বিএনপি না এলে সংবিধান অবজ্ঞা করে নির্বাচন করবো না। এটিকে প্রশ্নবিদ্ধ যারা বলেন তারা বলতে পারেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিদেশীদের সঙ্গে কোনো উন্নয়ন বা দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা যায়, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় তাদের কোনো কথা শোনা হবে না।
বহির্বিশ্বের উদাহরণ টেনে ওবায়দুল কাদের বলেন, অন্য কোনো দেশ কি আমাদের দেশের পরামর্শ নেয়? তাদের নির্বাচনের সময় এমন প্রশ্ন ওঠে? আমাদের নির্বাচন নিয়ে তারা কেন কথা বলবে? আর আমরা কেন তাদের কথা শুনবো? সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির সঙ্গে নির্বাচন নিয়ে পর্দার অন্তরালে কোনো আলোচনা হচ্ছে না। সরকার যা করে সব ওপেনে করে, গোপনে নয়। সন্ত্রাসীদের সঙ্গে সংলাপ হতে পারে না। বিএনপি এখন সন্ত্রাসী দল। তাদের সঙ্গে আলোচনার প্রশ্নই আসে না।



