
বাংলাদেশ
ট্রাকের ধাক্কায় প্রতিদিনখবর.কমের সম্পাদক নিহত
ঢাকা প্রতিনিধি:ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার রাজেন্দ্রপুরের মোল্লাপুর এলাকায় একটি ট্রাকের ধাক্কায় প্রতিদিনখবর.কম অনলাইন পত্রিকার সম্পাদক মিজানুর রহমান (৩২) নিহত হয়েছেন।
শুক্রবার ২ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার চান মিয়ার ছেলে ।
মুন্সিগঞ্জ থেকে মোটরসাইকেল ঢাকায় ফেরার পথে রাজেন্দ্রপুর মোল্লাপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন মিজানুর। এসময় তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত মিজানুরের ভাগিনা শামীম জানান, তার মামা প্রতিদিনখবর.কমের সম্পাদক ও রাজধানীর বাবুবাজার এলাকায় তার পত্রিকার অফিস।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



