
মধ্যবর্তী নির্বাচনে পঞ্চমবারের মতো নির্বাচিত ইলহান ওমর, পুনঃনির্বাচিত হলেন রাশিদা তালিব-ও
ইলহান ওমর এই বিজয়কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে বিপুল গণরায় হিসেবে ব্যাখ্যা করেছেন।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিনেসোটার ৫ম কংগ্রেসীয় ডিস্ট্রিক্ট থেকে টানা পঞ্চমবারের মতো প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট দলের ইলহান ওমর। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রাক্কলন অনুযায়ী, তিনি প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী জন নাগেলকে বড় ব্যবধানে পরাজিত করেছেন।
প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ডেমোক্র্যাট প্রার্থী ইলহান ওমর পেয়েছেন প্রায় ২,৬২,৭০২ ভোট (৭৬.৪৮%), যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী জন নাগেল পান ৫৫,৭৬৫ ভোট (১৬.২৩%)।
নির্বাচনী ফলাফলের ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (X)-এ আবেগঘন প্রতিক্রিয়া জানিয়ে ইলহান ওমার লিখেছেন, “ধন্যবাদ, মিনেসোটা! আপনাদের পূর্ণ ম্যান্ডেট নিয়ে প্রতিনিধি পরিষদে আবারও প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। ট্রাম্প কখনোই আমাদের মুখ বন্ধ করতে পারবেন না।”
তিনি তাঁর এই বিজয়কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে বিপুল গণরায় হিসেবে ব্যাখ্যা করেছেন।
এদিকে নির্বাচনী লড়াইয়ের চূড়ান্ত মুহূর্তে গত ১২ অক্টোবর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইলহান ওমরের ব্যক্তিগত বাসভবনে আচমকা অভিযান চালায় হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (এইচএসআই) এবং বিচার বিভাগের একটি যৌথ তদন্ত দল। “আদালতের সুনির্দিষ্ট অনুমোদন” নিয়ে, এই অভিযান চালানো হয় বলে মার্কিন বিচার বিভাগ দাবি করে।
১৯৯০-এর দশকে যখন ওমরের পরিবার শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আসেন, তখন তাঁর পরিবার অভিবাসন নথিপত্রে কোনো ভুল তথ্য প্রদান করেছিলেন কিনা—সে সংক্রান্ত একটি চলমান ফৌজদারি তদন্তের অংশ হিসেবে এই তল্লাশি চালানো হয়। অভিযানে ওমরের মোবাইল ফোন, পাসপোর্ট, কম্পিউটার এবং ডিএনএ নমুনা জব্দ করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।
ইলহান ওমর শুরু থেকেই এই তদন্ত ও তল্লাশি অভিযানকে— ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত “আইন প্রয়োগকারী সংস্থার অপব্যবহার” বলে অভিযোগ করেছেন। ওমর তাঁর সমর্থকদের উদ্দেশ্য করে বলেন, ট্রাম্প প্রশাসন নিজেদের রাজনৈতিক প্রতিপক্ষদের দমন করতে এবং মূল রাজনৈতিক সমস্যাগুলো থেকে নজর সরাতে তাঁর বিরুদ্ধে এই ধরনের কৌশল ব্যবহার করছে।
আর নির্বাচনের ফলাফলেও দেখা গেল, ভোটাররা ওমরের ওপরই আস্থা ধরে রেখেছেন।
পুনঃনির্বাচিত ফিলিস্তিনি-আমেরিকান রাশিদা তালিব
মধ্যবর্তী নির্বাচনে মিশিগানের ১২তম কংগ্রেসীয় ডিস্ট্রিক্ট থেকে টানা পুনর্নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধি পরিষদের সদস্য রাশিদা তালিব। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী জেমস ডি. হুপারকে বড় ব্যবধানে পরাজিত করে তিনি মার্কিন কংগ্রেসে নিজের অবস্থান আরও সুসংহত করলেন।
২০১৮ সালে ইলহান ওমারের সাথে প্রথম মুসলিম নারী হিসেবে মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়ে ইতিহাস গড়া রাশিদা তালিব মার্কিন আইনসভায় ফিলিস্তিনিদের মানবাধিকার প্রতিষ্ঠা এবং গাজায় চলমান যুদ্ধ ও ইসরায়েলি নীতির অন্যতম সোচ্চার ও প্রভাবশালী সমালোচক হিসেবে পরিচিত।



