আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

ট্রাম্প-শি বৈঠক সমাপ্ত, চীনের ফেন্টানিল সংক্রান্ত শুল্ক কমিয়ে ১০ শতাংশ করল যুক্তরাষ্ট্র

দীর্ঘ জল্পনা-কল্পনার পর দক্ষিণ কোরিয়ায় অ্যাপেক সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হল বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির নেতা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বহু প্রতীক্ষিত দ্বিপক্ষীয় বৈঠক। এই বৈঠক থেকে চীনের ফেন্টানিল সম্পর্কিত পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১০ শতাংশ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর এপি।

ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পরে ঘোষণা করেছেন যে, ফেন্টানিল সংকটের মোকাবেলায় চীন যে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে, তার বিনিময়ে যুক্তরাষ্ট্র চীনা আমদানির ওপর আরোপিত শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে। এটি তাৎক্ষণিক কার্যকর হবে।

বিমানবন্দরের বৈঠক স্থল থেকে ট্রাম্প ও শি জিনপিং দুজনেই বিদায় নিয়েছেন। ট্রাম্প এশিয়া সফরের ইতি টেনে এয়ার ফোর্স ওয়ানে করে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি এপেক সম্মেলনের মূল আয়োজনে থাকছেন না। অন্যদিকে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তার মোটরকেডে করে গিয়ংজু শহরের দিকে যাচ্ছেন। সেখানে আগামীকালের মূল এপেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। এটি ১১ বছরের মধ্যে দক্ষিণ কোরিয়ায় তার প্রথম সফর।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প এই বৈঠককে ‘অসাধারণ বৈঠক’ বলে অভিহিত করেন এবং চীনের নেতা শির ভূয়সী প্রশংসা করেন। ট্রাম্প নিশ্চিত করেছেন যে, যুক্তরাষ্ট্র ফেন্টানিল শুল্ক তাৎক্ষণিক কার্যকর করার ঘোষণা দিয়েছে। তিনি বলেন, ওয়াশিংটন এবং বেইজিং ‘অনেক বিষয়ে একমত হয়েছে।

ট্রাম্পের মন্তব্য, ‘এটি ছিল অসাধারণ এক বৈঠক। তিনি (শি জিনপিং) একজন মহান নেতা। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছি এবং আমরা কিছুক্ষণের মধ্যেই সেগুলো আপনাদের হাতে তুলে দেব।‘

ট্রাম্প আরো উল্লেখ করেন যে, চীন তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী বিপুল পরিমাণে সয়াবিন কেনা শুরু করবে। চীনের এ উদ্যোগের প্রশংসা করেছেন ট্রাম্প। এটি মার্কিন কৃষকদের জন্য একটি বড় স্বস্তির খবর।

শি জিনপিংয়ের জন্য বিমানবন্দর সংলগ্ন রাস্তায় অভ্যর্থনা কমিটি বিশেষভাবে তৈরি করা হয়েছিল। চীনা কর্মকর্তারা ম্যান্ডারিন ভাষায় নির্দেশ দিয়ে উপস্থিত জনতাকে কখন এবং কোথায় পতাকা নাড়তে হবে তা বলে দিচ্ছেন। চীনা নেতার বিরুদ্ধে যে কোনো ধরনের প্রতিবাদ খুব সতর্কতার সঙ্গে দূরে রাখা হয়েছিল।

বিশ্ব নেতারা আগামীকাল শুরু হতে যাওয়া এপেক নেতাদের শীর্ষ সম্মেলনের জন্য গিয়ংজুতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension