
ডিসিকে ‘স্যার বলতে বাধ্য করায়’ বিশ্ববিদ্যালয় শিক্ষকের অবস্থান
রংপুর জেলা প্রশাসককে ‘স্যার’ বলতে বাধ্য করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক সহযোগী অধ্যাপক। অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও অংশ নেন।
অবস্থান কর্মসূচির প্রায় এক ঘণ্টা অতিক্রমের পর জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন এসে উদ্ভূত পরিস্থিতি নিরসন করেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে জানান।
রংপুরের জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন ‘স্যার’ সম্মোধনে বাধ্য করেছেন-এমন অভিযোগ তুলে বুধবার (২২ মার্চ) রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি পালন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক।
এ বিষয়ে উমর ফারুক বলেন, ‘আমি সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জেলা প্রশাসকের দপ্তরে যাই একটি স্কুলের বিষয়ে কথা বলতে। এ সময় জেলা প্রশাসককে স্যার সম্বোধন না করায় তিনি ক্ষুব্ধ হন। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে আমি সেখান থেকে বেরিয়ে এসে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে প্রধান ফটকের সামনে একাকি অবস্থান কর্মসূচি শুরু করি। বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এসে কর্মসূচিতে অংশ নেন। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষক সেখানে উপস্থিত হন।’
ওমর ফারুক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি জানান, বুধবার সন্ধায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানাতে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাত করে ফলপ্রসূ আলোচনার পর বিদায় জানাতে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনকে তিনি ‘আপা’ সম্মোধন করেন। এতে ক্ষুব্ধ হয়ে জেলা প্রশাসক তার কাছে জানতে চান, এই চেয়ারে কোনো পুরুষ বসে থাকলে তাকে স্যার বলে সম্মোধন করতেন কিনা।
জেলা প্রশাসকের এমন প্রশ্নে অপমানিত বোধ করে সঙ্গে সঙ্গে তার কক্ষ থেকে বের হয়ে প্ল্যাকার্ড লিখে ওমর ফারুক জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলার সিঁড়িতে অবস্থান নেন।
উপস্থিত শিক্ষার্থী ও সহকর্মীরা জানান, বিষয়টি মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তারা সেখানে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন। পরে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন নিচে নেমে এসে তাদের সঙ্গে কথা বলে দুঃখ প্রকাশ করলে ক্ষোভ প্রশমিত হয় বলে জানান তারা।
জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও শুধু বলেন, একটা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটার সমাধান হয়ে গেছে।
অবস্থান কর্মসূচিতে প্ল্যাকার্ডে লেখা ছিলো- ‘রংপুরের জেলা প্রশাসক ‘স্যার’ ডাকতে বাধ্য করায় অবস্থান কর্মসূচি।’ এ সময় ওমর ফারুকের শিশুকন্যা অক্ষ সঙ্গে ছিলেন।



