
ডেঙ্গুতে একদিনে রেকর্ড মৃত্যু
ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছরের সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।
এর আগে গত ১৩ অক্টোবর আটজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬১।
গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৪৯৮ এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৩৮৪ জন ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির তথ্যানুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট তিন হাজার ৬৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ২৭৬ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ৪০০ জন রোগী। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৪০ হাজার ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ঢাকায় ২৭ হাজার ৬৪৬ এবং ঢাকার বাইরে ১৩ হাজার ৩৩৭ জন।
চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৭ হাজার ১৪৬ জন। এর মধ্যে ঢাকায় ২৫ হাজার ২৭২ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১১ হাজার ৮৭৪ জন।


