
সরকারবিরোধী ‘চূড়ান্ত’ আন্দোলনে ঢাকা অবরোধের মতো কর্মসূচি দিতে চাইলে পরিণতি ভালো হবে না বলে বিএনপিকে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এক দশক আগে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচির কথা স্মরণ করিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরাও প্রস্তুত আছি, অবরোধ করলে বিএনপি অবরোধ হয়ে যাবে। তারা লুকিয়ে, চুরি করে ঢুকছে? এরপরে পালানোর পথ পাবে না। শাপলা চত্বর থেকে কী হলো শেষ রাতে? পালিয়ে গেল না? আমি বলতে চাই না, আরও করুণ পরিণতি হবে বিএনপির। শেখ হাসিনা মাথা নত করে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না।’
সোমবার (১৬ অক্টোবর) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবলীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ছাড় দেব না ফখরুল, খেলা হবে। ডিসেম্বরের চেয়ে কড়া খেলা হবে। এখন হচ্ছে কোয়ার্টার ফাইনাল, আগামী মাসে সেমি ফাইনাল, তারপর জানুয়ারিতে হবে ফাইনাল খেলা। ফাউল করলেই লাল কার্ড।’
আগামী ১৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশের দিন আওয়ামী লীগও রাজধানীতে জমায়েত করবে বলে জানান কাদের। তিনি বলেন, ‘চুরি করে এসে ঢাকায় আত্মীয়স্বজনের বাসায়, অতিরিক্ত কাপড় আনতে বলেছেন ফখরুল। তখন আমরা কি ললিপপ খাব?’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘১৮ তারিখ আরও বেশি করে আসতে হবে। আন্দোলনের নবতর পথযাত্রার সূচনা করব, আন্দোলনের মিছিল নিয়ে বয়ে যাব বিজয়ের বন্দরে।’
পশ্চিমা দেশগুলোর সমর্থন বিএনপির আন্দোলনে সাহস জোগাচ্ছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল বলেছেন পশ্চিমা বিশ্বের সমর্থন আন্দোলনে নাকি বিএনপিকে সাহস জোগাচ্ছে? আমরা এটা জানি না, এ খবর হাছা না মিছা? মিথ্যা কথা আর কত বলবা ফখরুল? পশ্চিমা বিশ্বের যারা বাংলাদেশে এসেছে, যারা আমাদের সঙ্গে কথা বলেছে, যারা বিদেশে কথা বলেছে, তারা বলেছে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। এ কথা আমেরিকাও বলেছে, এ কথা ইউরোপও বলেছে। ফখরুল কোথা থেকে মিছা, আজগুবি খবর নিয়ে এলো?’
তিনি বলেন, ‘বিদেশি সমীক্ষা এসে পড়েছে, বাংলাদেশের ৭০ ভাগ লোক আওয়ামী লীগকে সমর্থন করে। ফখরুল সাহস পাচ্ছেন বিদেশ থেকে। আর আমরা বাংলাদেশের জনগণের সমর্থনে সাহস পাচ্ছি। আমরা কাউকে ভয় পাই না। যতক্ষণ জনগণ সঙ্গে আছে, ততক্ষণ ভয় নেই।’
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ বক্তব্য দেন।



