আন্তর্জাতিক

গাজা যুদ্ধবিরতি পরিকল্পনায় আপত্তি ইসরাইলের

গাজা যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের উদ্বেগ ও আপত্তির কথা জানিয়েছে ইসরাইল। পাশাপাশি উপত্যকাটিতে সামরিক হামলাও অব্যাহত রেখেছে তেল আবিব।

এ ঘটনাকে ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মতপার্থক্যের আরেকটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। নেতানিয়াহু এতদিন ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে নিজের বড় রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরেছেন।

নেতানিয়াহুর কার্যালয়ের মুখপাত্র ডোরন স্পিলম্যান জানান, হামাসের নিরস্ত্রীকরণ বিষয়ে আরও স্পষ্ট ও কার্যকর পদক্ষেপ চায় ইসরাইল।

তিনি বলেন, ‘প্রস্তাবিত কাঠামো নিয়ে আমরা যুক্তরাষ্ট্রকে আমাদের মতামত ও উদ্বেগ জানিয়েছি। প্রকাশিত পরিকল্পনাটি ইসরাইলের অবস্থান পুরোপুরি তুলে ধরে না।’

গত শুক্রবার হামাস জানায়, ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী তারা অস্ত্র ছাড়তে রাজি, তবে তা একটি নতুন ফিলিস্তিনি প্রশাসনিক কমিটির কাছে হস্তান্তর করবে।

অন্যদিকে, ইসরাইলের দাবি, যুদ্ধবিরতির পরও হামাস নতুন করে সদস্য সংগ্রহ ও অস্ত্র মজুত করছে। তাদের গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, হামাস আবারও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে।

গত অক্টোবরে ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির পর গাজায় সহিংসতা কিছুটা কমেছে। তবে এখনো গাজা উপত্যকার ৬০ শতাংশের বেশি এলাকা ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে। গাজা কর্তৃপক্ষের দাবি, যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলি হামলায় ১,২০০–এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অন্যদিকে, একই সময়ে গাজায় পাঁচজন ইসরাইলি সেনা ও একজন বেসামরিক ঠিকাদার নিহত হওয়ার কথা জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধের অবসানে হামাসের নিরস্ত্রীকরণকে ট্রাম্প ‘একটি বড় অগ্রগতি’ বলে উল্লেখ করেছিলেন। তিনি দাবি করেছিলেন, এ নিয়ে ইসরাইলও সন্তুষ্ট। তবে এ বিষয়ে নেতানিয়াহু প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

নেতানিয়াহুর মুখপাত্র বলেন, ‘হামাসকে পুরোপুরি, যাচাইযোগ্য এবং স্থায়ীভাবে নিরস্ত্র না করলে তারা ভবিষ্যতে আবারও ইসরাইলের জন্য হুমকি হয়ে উঠবে।’

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ প্রকাশিত রোডম্যাপে গাজায় ইসরাইলের সামরিক অভিযান দ্রুত ও সম্পূর্ণভাবে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ধাপে ধাপে ইসরাইলি বাহিনীকে গাজা থেকে প্রত্যাহারের কথাও বলা হয়েছে।

তবে ইসরাইল বলছে, হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত তারা গাজা ছাড়বে না।

তথ্যসূত্র: এনডিটিভি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension