
ICE এজেন্টদের মুখোশ নিষিদ্ধে নিউইয়র্কের আইন স্থগিত
ফেডারেল আদালতের রায়ে রাজ্যের উদ্যোগে বড় ধাক্কা; অভিবাসন নীতিকে ঘিরে নতুন সাংবিধানিক বিতর্ক
হোসনেআরা চৌধুরী,নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগ এবং ফেডারেল-রাজ্য ক্ষমতার সীমা নিয়ে চলমান বিতর্কের মধ্যে গুরুত্বপূর্ণ এক রায় দিয়েছে ফেডারেল আদালত। নিউইয়র্ক অঙ্গরাজ্যে দায়িত্ব পালনের সময় মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (ICE)-এর কর্মকর্তাদের মুখোশ পরা নিষিদ্ধ করার যে আইন করা হয়েছিল, তার প্রয়োগ আপাতত স্থগিত করেছেন এক ফেডারেল বিচারক। আদালতের এই সিদ্ধান্তকে অভিবাসন নীতিকে ঘিরে চলমান আইনি লড়াইয়ে একটি বড় মোড় হিসেবে দেখা হচ্ছে।
রায়ে বিচারক বলেন, ফেডারেল সরকারের অধীন কর্মরত আইন প্রয়োগকারী কর্মকর্তারা কীভাবে তাঁদের দায়িত্ব পালন করবেন, সে বিষয়ে কোনো অঙ্গরাজ্য আইন করে বাধ্যবাধকতা আরোপ করতে পারে না। সংবিধান অনুযায়ী, ফেডারেল সংস্থার কার্যক্রম নিয়ন্ত্রণের এখতিয়ার ফেডারেল সরকারের, ফলে নিউইয়র্কের এই আইন ফেডারেল ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক হওয়ার আশঙ্কা রয়েছে।
নিউইয়র্কের ডেমোক্র্যাট নেতৃত্বাধীন প্রশাসন সম্প্রতি একটি আইন পাস করে, যাতে মুখ ঢেকে বা পরিচয় গোপন রেখে অভিযান পরিচালনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আইনটির সমর্থকদের দাবি ছিল, মুখোশ পরে অভিযান পরিচালনা করলে সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি হয় এবং কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে অভিবাসন অভিযান চলাকালে পরিচয় গোপন রাখার অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করে আসছিল।
অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ আদালতে যুক্তি দেয়, ICE কর্মকর্তারা প্রায়ই হুমকি, হয়রানি ও নিরাপত্তাজনিত ঝুঁকির মুখে পড়েন। তাঁদের পরিচয় সুরক্ষিত রাখা এবং নিরাপদে দায়িত্ব পালনের স্বার্থে মুখ ঢাকার সুযোগ থাকা প্রয়োজন। আদালত প্রাথমিকভাবে সেই যুক্তিকেই গুরুত্ব দিয়ে আইনটির কার্যকারিতা স্থগিত রাখার নির্দেশ দেন।
তবে একই রায়ে বিচারক নিউইয়র্কের আরেকটি গুরুত্বপূর্ণ আইন বহাল রাখেন, যার মাধ্যমে অঙ্গরাজ্যের স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে ফেডারেল অভিবাসন কর্মসূচি 287(g)-এ অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছে। আদালত বলেন, স্থানীয় পুলিশ বাহিনী কী ধরনের সহযোগিতা করবে, সে বিষয়ে নীতি নির্ধারণের অধিকার অঙ্গরাজ্যের রয়েছে।
রায়ের পর নিউইয়র্ক প্রশাসন জানিয়েছে, তারা আদালতের সিদ্ধান্তের সঙ্গে একমত নয় এবং উচ্চ আদালতে যাওয়ার বিষয়টি বিবেচনা করছে। অপরদিকে, মার্কিন বিচার বিভাগ এই রায়কে ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাংবিধানিক ক্ষমতা ও নিরাপত্তা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে উল্লেখ করেছে।
বিশ্লেষকদের মতে, এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি শুধু নিউইয়র্ক নয়, গোটা যুক্তরাষ্ট্রে ফেডারেল অভিবাসন নীতি, রাজ্যের ক্ষমতার সীমা এবং আইন প্রয়োগকারী সংস্থার জবাবদিহিতা নিয়ে ভবিষ্যৎ আইনি কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠতে পারে।



