
তারেক রহমানকে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে- সংসদে প্রধানমন্ত্রী
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাজা যখন হয়েছে, তারেক রহমানকে শাস্তি ভোগ করতেই হবে। আগামীতে ক্ষমতায় এলে তাকে দেশে এনে সাজা কার্যকর করা হবে।
বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তাকে ফিরিয়ে আনার জন্য ব্রিটিশ সরকারের সঙ্গে আমরা আলাপ-আলোচনা করছি। আল্লাহ যদি চান, আগামী নির্বাচনে যদি আবার আমরা ফিরে আসতে পারি, এর মাঝে অবশ্যই আমরা তাকে ফিরিয়ে আনতে পারব। শাস্তি দিতে পারব।
অপর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে।
ঐক্যফ্রন্টকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা নতুন করে রাজনৈতিক জোট করছে, তাদেরকে আমি স্বাগত জানাই। এতে করে গণতান্ত্রিক ভিত আরও বেশি মজবুত হবে।
তবে জোটের অনেককেই দেশের মানুষ ভালোভাবে গ্রহণ করছে না জনিয়ে তিনি বলেন, এখানে যারা যুক্ত হয়েছে, মানুষ এরই মধ্যে জানতে পারছে এবং শুনছে। তাদের কেউ কেউ সাধারণ মানুষকে সম্মান রেখে কথা বলতে পারছে না। তাদের ভিতর নারী বিদ্বেষী মনোভাব এর মধ্যে আমরা দেখেছি।
ঐক্যফ্রন্ট নেতাদের কাছে সহনশীলতা প্রত্যাশা করে প্রধানমন্ত্রী বলেন, আমি আশা করি তারা আরও বেশি সহনশীল হবে, জনগণের জন্য কাজ করতে গেলে সহনশীলতা দরকার। সেটা তাদের মধ্যে নাই। আমি প্রত্যাশা করব তাদের ভেতর যেন এই সহনশীলতা আসে। আমি যে কোনও ভাবেই হোক রাজনৈতিক প্রতিপক্ষ মোকাবেলা করতে পিছপা হই না।
আরেক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আবার ক্ষমতায় এলে দুর্নীতি, জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। মানুষের মৌলিক চাহিদা পুরণে নেয়া কর্মসূচি বাস্তবায়ন করা হবে।



