
দ্য হিন্দু’র প্রতিবেদন: তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে ঢাকা থেকে কিছু সুস্পষ্ট শর্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দ্বিপক্ষীয় এই সফরের প্রস্তুতি চললেও সফরের আগে একটি ‘অনুকূল পরিবেশ’ তৈরি করতে নয়াদিল্লিকে এসব শর্ত বা বার্তার কথা জানিয়েছে বাংলাদেশ।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এক ব্রিফিংয়ে স্পষ্ট করেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা জরুরি।
ঢাকার পক্ষ থেকে দেওয়া মূল শর্তগুলোর মধ্যে রয়েছে—মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামিদের দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো এবং শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের হস্তান্তর করা।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা চললেও সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম ও সংবাদ সম্মেলনের কারণে পরিবেশ ব্যাহত হয়েছে বলে মনে করে ঢাকা। এ কারণে সফরের চূড়ান্ত সূচি নির্ধারণের আগে এসব সংবেদনশীল বিষয়ের সুরাহা এবং কার্যকর পদক্ষেপের ওপর জোর দিচ্ছে বাংলাদেশ।



