
ধর্ষকদের গ্রেফতারের দাবীতে অনশন করা ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনসহ নিজের করা ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তার দাবীতে অনশনে বসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতাল জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মোহাম্মদ আলাউদ্দিন জানান, রাত সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) অবজারভেশনে রাখা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেন তিনি।
এর আগে গত ২০ সেপ্টেম্বর লালবাগ থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের তখনকার আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে ধর্ষণের মামলাটি দায়ের করেন ওই ছাত্রী।
এজাহারে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়। এরপর গত ২১ সেপ্টেম্বর বাদী কোতোয়ালি থানায় একই অভিযোগে আরেকটি মামলা করেন।❐



