
নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়াতে বলল যুক্তরাষ্ট্রের দূতাবাস
আফগানিস্তানের রাজধানী কাবুলে ফের হামলার আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টারা। ইতোমধ্যে তাদের এ শঙ্কার কথা মার্কিন প্রেসিডেন্টকে জানানোও হয়েছে। এর মধ্যে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দূতাবাস মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দরসহ বেশ কিছু জায়গা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।
যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিবৃতিতে বলে, নিরাপত্তার ঝুঁকি থাকার কারণে মার্কিন নাগরিকরা কাবুল বিমানবন্দর এবং বিমানবন্দরের গেট এলাকা এড়িয়ে চলবেন।
ওই বিবৃতিতে আরও বলা হয়, বিশেষ করে যারা অ্যাবে গেট, পূর্ব, উত্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে রয়েছেন তারা এসব এলাকা থেকে ‘দ্রুত সরে যান’।
এর আগে কাবুল বিমানবন্দরের মাধ্যমে আফগানিস্তান থেকে বিদেশি এবং ঝুঁকিতে থাকা আফগানদের সরিয়ে নেওয়ার প্রচেষ্টার মধ্যে বৃহস্পতিবার আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত ১৩ মার্কিন সেনা এবং অন্তত ১৭৫ আফগান নিহত হয়েছেন।
এ হামলার দায় স্বীকার করে আইএস।
যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়ে জঙ্গিগোষ্ঠীটির এক সদস্যকে হত্যা করেছে।
দীর্ঘ ২০ বছর পর যুক্তরাষ্ট্র ও ন্যাটো আফগানিস্তান থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে ৩১ আগস্টের মধ্যে। সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরুর পর অপ্রত্যাশিত গতিতে রাজধানী কাবুলের দখল নেয় তালেবান। এখন তারা সরকার গঠনের অপেক্ষায় রয়েছে।



