
নাটোর-৪ উপনির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগের সিদ্দিকুর রহমান
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারি। তিনি নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক।
রোববার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার মো. মঈন উদ্দীন খান তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেন।
সহকারী রিটার্নিং অফিসার ও বড়াইগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শাহাব বলেন, উপনির্বাচনে একমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই মনোনয়নপত্র জমা দেন। এ আসনের উপনির্বাচনে জেলা জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন মৃধা এবং ছাত্রদল নেতা মেহেদী হাসান নোমান মনোনয়নপত্র কিনলেও শেষ পর্যন্ত তারা জমা দেননি।
হাসিব বিন শাহাব আরও বলেন, ১৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ প্রার্থীর জমা দেয়া একমাত্র মনোনয়নপত্রটি বাছাইয়েও বৈধ হয়। আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। এদিন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারি ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় রিটার্নিং অফিসার নিয়মানুযায়ী তাকে সংসদ সদস্য পদে বিজয়ী ঘোষণা করেন।
নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস গত ৩০ আগস্ট মারা যান। এরপর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং ১১ অক্টোবর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।



