
নিউইয়র্কে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে স্লোগান ও কটূক্তি করার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কে পৌঁছান নোবেল শান্তি পুরস্কারজয়ী ড. ইউনূস। বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে হুইলচেয়ারে করে বের হওয়ার সময় কয়েকজন প্রবাসী বাংলাদেশি তাকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করেন বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ড. ইউনূসকে উদ্দেশ করে কয়েকজনকে ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’, ‘গো ব্যাক’ এবং ‘ইউ ডেস্ট্রয় ডেমোক্রেসি’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এ সময় তার বিরুদ্ধে হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যার অভিযোগও তোলেন এক ব্যক্তি।
ভিডিওতে ওই ব্যক্তিকে বারবার ড. ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের কারণ জানতে চাইতে দেখা যায়। তিনি বলেন, বাংলাদেশে মানুষ হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে কেন তিনি যুক্তরাষ্ট্রে এসেছেন, সেই প্রশ্নও তোলেন ওই ব্যক্তি।
একপর্যায়ে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস এবং বিপুলসংখ্যক মানুষকে গ্রেপ্তারের অভিযোগও করেন তিনি। তবে ভিডিওতে তোলা এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার একপর্যায়ে নিরাপত্তাকর্মীরা ড. ইউনূসকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তার সঙ্গে থাকা ব্যক্তিরাও তাকে নিরাপদ স্থানে নিয়ে যান।
এদিকে, স্লোগান দেওয়া ব্যক্তিদের পরিচয়, তাদের প্রতিবাদের সুনির্দিষ্ট কারণ এবং ঘটনার বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে ড. ইউনূসের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।



