
নিউ ইয়র্কে প্রথমবারের মতো করোনায় মৃত্যু একশ’ জনের নীচে
মহামারী করোনাভাইরাসে সবচেয়ে বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যে আক্রান্ত ও প্রাণহানির প্রকোপ কমেছে।
গত মার্চের পর এই প্রথম রাজ্যটিতে একদিনে প্রাণহানি ১০০ জনের নিচে নেমে এসেছে শনিবার। এদিন ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৮৪ জন।
নিউ ইয়র্কে গত মার্চের শেষনাগাদ করোনার সংক্রমণ ঘটে। এপ্রিলের প্রথম থেকেই প্রতিদিন প্রাণহানি ১ হাজার পেরিয়ে যাচ্ছিল। এতোদিন পর এসে সেই মৃত্যুর মিছিলে কিছুটা লাগাম টানা গেছে।
নিউ ইর্য়ক স্টেট গভর্নর অ্যান্ড্রু কুমো শনিবার জানিয়েছেন, ২৪ ঘণ্টায় ৮৪ জনের মৃত্যু হয়েছে। আগের দিনও রাজ্যটিতে ১০৯ জন মারা যান।
নিয়মিত ব্রিফিংকালে কুমো বলেন, এতদিন আমার মাথার মধ্যে শুধু ঘুরপাক খেয়েছে কবে প্রাণহানি ১০০ এর নিচে নেমে আসবে।
তিনি বলেন, তবে ৮৪ জনের মৃত্যু সেটিও ভালো কিছু নয়। আমরা ওইসব পরিবারের কষ্ট বুঝি। তবে প্রাণহানি কমে আসাটা প্রকৃত অগ্রগতির চিহ্ন।
এরইমধ্যে লকডাউন কিছুটা শিথিলের পথেই হাঁটছে নিউ ইয়র্ক। আগের দিন কুমো ঘোষণা দিয়েছেন, যৌক্তিক কারণ থাকলে ১০ জন একসঙ্গে হতে এখন আর বাধা নেই। তবে তা না হওয়াই ভালো।
যুক্তরাষ্ট্রের মধ্যে করোনার কেন্দ্রবিন্দু নিউ ইয়র্ক স্টেট। রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিউ ইয়র্ক সিটি।
পরিসংখ্যান অনুযায়ী, নিউ ইয়র্ক স্টেটে এ পর্যন্ত করোনায় প্রাণহানি ঘটেছে ২৮ হাজার ৯০০ মানুষের। এ স্টেটে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ৪৬৪ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানিতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৭৭ হাজার ৬১৪ জন মানুষ। আর মোট মৃত্যু হয়েছে ৯৯ হাজার ৪৭ জন মানুষের। ⛘
বিবিসি



