
নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র থেকে আসছেন ৩২ পর্যবেক্ষক
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র থেকে ৩২ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
গতকাল ১৭ ডিসেম্বর সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাতে মিলার এ কথা জানান। এ সময় তিনি আসন্ন নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন। সাক্ষাতে আগামি সাধারণ নির্বাচন ছাড়াও রোহিঙ্গা সমস্যা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
তিনি জানান, রোহিঙ্গা সঙ্কট নিয়ে রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেন, বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের তাদের নিজ বাসভূমে ফেরত পাঠাতে দেশটির রাখাইনে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার সম্পর্কের বিষয়ে রবার্ট মিলার বলেন, দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক এখন অত্যন্ত শক্তিশালী। তিনি বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতা ও শিক্ষা খাতকে আরও উৎসাহিত করতে যুক্তরাষ্ট্র আগ্রহী বলে জানান।
সাক্ষাতে প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস ও সংগ্রাম সম্পর্কে নতুন রাষ্ট্রদূতকে অবহিত করে বলেন, গত ৪৭ বছরে বাংলাদেশে একমাত্র তার সরকারের পূর্ণ মেয়াদ শেষে ২০০১ সালে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়।
আগামি সাধারণ নির্বাচনের প্রাক্কালে সহিংস ঘটনার বিষয়ে শেখ হাসিনা বলেন, সম্প্রতি তার দল আওয়ামী লীগের দুই কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দলের নেতা-কর্মীদেরকে এসব বিষয়ে ধৈর্য ধরতে নির্দেশ দেওয়া হয়েছে বলে রাষ্ট্রদূতকে জানান শেখ হাসিনা।
৩০ ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারলে আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশ অর্জনে তার সরকার সক্ষম হবে বলেও মন্তব্য করেন বাংলাদেশের সরকারপ্রধান।



