
নির্বাচন বানচালের চেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে’- প্রধানমন্ত্রী
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: জোটের নামে জঙ্গি-সন্ত্রাসীদের উস্কানি দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করলে, তা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন. প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান প্রধানমন্ত্রী। এ সময় শেখ হাসিনা আরও বলেন, ‘যে কোনও রাজনৈতিক জোট গণতন্ত্রের ভিত মজবুত করে।’
বুধবার বিকেলে, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনের শুরুতেই বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি জানান, সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা চলছে। আবার ক্ষমতায় এলে তাকে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে।
জনগণের ভোটে আবার ক্ষমতায় এলে তিনি চলমান উন্নয়নমূলক কাজগুলো দ্রুত বাস্তবায়ন করবেন বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলে বিশ্বে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠিত করবেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘তারেকের পিতা জিয়াউর রহমান যেমন ১৫ই আগস্ট হত্যাকান্ডের সঙ্গে জড়িত ছিল, তেমনি তারেক জিয়া ও তার মা ২১শে আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে যে জড়িত ছিল এতে কোনও সন্দেহ নাই। তাদের যেহেতু বিচার ও রায় হয়েছে সেহেতু সাজা তাদের পেতেই হবে। এ সাজা ভোগ করতে হবে। তারেক রহমানের যাবজ্জীবন সাজা হয়েছে তাকে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা করছি এবং অবশ্যই আমি বিশ্বাস করি আর আল্লাহ যদি চায় আগামী নির্বাচনে আমরা যদি ফিরে আসতে পারি, তাহলে আমরা তাকে ফিরিয়ে আনতে পারব। আমি তাই দেশবাসির কাছে দোয়া চাই। পাশাপাশি ভোটও চাই, যাতে আমরা ফিরে এসে তাদের অন্যায় অবিচারের বিচার করতে পারি এবং সাজা কার্যকর করতে পারি।’



