
নোয়াখালীতে সাতসকালে এক যুবককে পিটিয়ে মারলো একদল তরুণ
নোয়াখালীতে সাতসকালে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে এক দল তরুণ। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাতটার দিকে জেলার বেগমগঞ্জের হাজীপুর ইউনিয়নের মান্দার বাড়ির দরজায় সামনে এই ঘটনা ঘটে।
নিহতের নাম ফখরুল ইসলাম মঞ্জু ওরফে বলি। তিনি হাজীপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
বড়ো বোন শাহনাজ আক্তার বলেন, ভোর ছয়টার দিকে বলি তার অসুস্থ মেয়েকে দেখতে আসে। সাড়ে সাতটার বাড়ি ফেরার পথে ওই এলাকায় পৌঁছালে ১৫ থেকে ২০ জন তরুণ তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। তার দাবি, এই হত্যা কারণ পূর্ব শত্রুতা।
এদিকে চৌমুহনী বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা আব্দুল মোতালেবের দাবি, সকালে তার ছেলে মিজানুর রহমান ২০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে চৌমুহনী বাজারের উদ্দেশে বের হয়। পথে উপজেলার মনতাজ স্যারের বাড়ির সামনে পৌঁছালে বলি ও তার সাঙ্গপাঙ্গরা ছেলেকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর করে টাকা ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে গিয়ে বলিকে পিটুনি দিলে সে মারা যায়।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এ বারী বলেন, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে অসন্তোষ থেকে জনতা তাকে পিটুনি দেয়। মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের বিরুদ্ধে অন্তত সাতটি মামলা আছে। এ ঘটনায় পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



