প্রধান খবরবাংলাদেশ

নৌমন্ত্রীর প্রশ্রয়ে পরিবহন সেক্টরে অরাজকতা:ফখরুল

রূপসী বাংলা ডেস্ক:দুই শিক্ষার্থী বাসচাপায় নিহতের ঘটনায় নৌ-মন্ত্রী শাহজাহান খানের পদত্যাগ দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান বিএনপি মহাসচিব।

সড়ক-মহাসড়কে দুর্ঘটনায় মর্মান্তিক জীবনহানির জন্য দায়ী পরিবহন সেক্টরের বিশৃঙ্খলা, যার মদদদাতা হচ্ছে সরকার মন্তব্য করে ফখরুল বলেন, ‌‘সরকারের সামগ্রিক ব্যর্থতার জন্যই সর্বক্ষেত্রে অধঃপতন শুরু হয়েছে। বর্তমানে সড়ক-মহাসড়কে প্রতিদিন দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। আমি পরিবহন সেক্টরের বিশৃঙ্খলার উস্কানি-দাতা নৌ-মন্ত্রী শাহজাহান খানের পদত্যাগ দাবি করছি’।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভোগ-লালসায় মত্ত ক্ষমতাসীনরা মানবিক বিবেচনাগুলো পদদলিত করছে। দুই শিক্ষার্থীর মর্মস্পর্শী নিহত হওয়ার ঘটনার পরও সরকারের নির্লিপ্ত উদাসীনতা হঠকারী বাসচালকদেরকে উৎসাহিত করেছে। গতকালও একজন শিক্ষার্থী কুমিল্লায় গাড়ী চাপায় নিহত হয়েছেন। ক্ষমতাকুক্ষিগত করা জবাবদিহিহীন সরকার শুধুমাত্র ন্যায়সঙ্গত আন্দোলনকে নির্দয়ভাবে দমন করতে ব্যস্ত সময় কাটাচ্ছে বলেই অপরাধীরা প্রকাশ্যে আইন নিজের হাতে তুলে নিচ্ছে’।

সরকারকে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা করে উদ্ভূত সংকট সমাধানে আসার জন্য আহবান জানিয়ে তিনি বলেন, ‘শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একের পর এক শিক্ষার্থী নিহতের ঘটনায় বিএনপি গভীরভাবে শোকাহত ও ব্যথিত’।

বিএনপি মহাসচিব বলেন, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হওয়ার পরে যখন সমগ্র বাংলাদেশের মানুষ বেদনার্ত, শোকাহত ও ক্ষুব্ধ। তখন ছাত্র-ছাত্রীর লাশ নিয়ে নৌ-মন্ত্রীর হাসি যেন বিদ্রূপের হাসি। নৌ-মন্ত্রী শাহজাহান খান যিনি পরিবহন সেক্টরের একজন গুরুত্বপূর্ণ নেতা। সুতরাং তার আশকারায় দীর্ঘদিন ধরে এই সেক্টরে অরাজকতা লেগেই আছে। কিছু প্রশিক্ষণহীন অদক্ষ চালক ও লাইসেন্সবিহীন কমবয়সী চালক এবং চলাচলে অনুপযুক্ত যানবাহনের প্রাধান্য থাকলে সড়ক-মহাসড়কে মরণঘাতি ঘটনা আশঙ্কাজনক হারে বাড়তেই থাকবে। আর এগুলো প্রাধান্য পাচ্ছে শুধুমাত্র নৌ মন্ত্রী শাহজাহান খানের প্রশ্রয়ে।

মির্জা আলমগীর বলেন, বাসচাপায় দুই শিক্ষার্থীর হৃদয়বিদারক মৃত্যুতে দেশজুড়ে মানুষ ক্ষোভে ফেটে পড়লেও তাতে সরকারের বিন্দুমাত্র টনক নড়েনি। বরং বেপরোয়া বাসচালকের দ্বারা এই মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের লক্ষ্য করে গুলি, টিয়ার গ্যাস ও বেধড়ক লাঠিচার্জে যেভাবে ক্ষতবিক্ষত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তা কেবল নিষ্ঠুর স্বৈরশাসকদের দ্বারাই সম্ভব। ন্যায় বিচার না পাওয়া, বঞ্চিত, প্রতিবাদী ছাত্র-ছাত্রীদেরকে হিংস্র আক্রমণে আহত করার পর অনেককে গ্রেপ্তারও করা হয়েছে।

ফখরুল শিক্ষার্থীদের ওপর সরকারের এই অমানবিক আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীর মুক্তির দাবি জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension