প্রধান খবরবাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নেপালে লালগালিচা সংবর্ধনা

রূপসী বাংলা ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে বাংলাদেশের সরকারপ্রধানকে দেওয়া হয় লালগালিচা সংবর্ধনা। এসময় তাকে গার্ড অব অনারও দেওয়া হয়। ত্রিভুবন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান নেপালের উপ-প্রধানমন্ত্রী ঈশ্বর পোখারেল ও কাঠমান্ডুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামসসহ শীর্ষ কর্মকর্তারা। চতুর্থ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা ৮ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-১৮৭১ আজ সকাল সোয়া ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহযোগে প্রধানমন্ত্রীকে নেওয়া হবে তার সফরকালীন আবাসস্থল হোটেল সোয়ালটি ক্রাউনি প্লাজায়। বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হওয়ার কথা রয়েছে সন্ধ্যা ৬টায়।

এর আগে বেলা পৌনে ১২টার দিকে নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারও আগে স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে বাংলাদেশ সরকারপ্রধানের। আর সাড়ে ১০টার দিকে ভুটানের অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা দাসো শেরিং ওয়াংচুকের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হবে তার।

দুপুরে বিমসটেক সম্মেলনে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে নেপালের রাষ্ট্রপতির দেওয়া ভোজে অংশ নেবেন শেখ হাসিনা। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে হোটেল সোয়ালটি ক্রাউনি প্লাজায় বিমসটেক সম্মেলনের উদ্বোধনী সেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। রাতে কাঠমান্ডুর হায়াত রিজেন্সি হোটেলে নেপালের প্রধানমন্ত্রী শর্মা ওলির দেওয়া নৈশভোজে অংশ নেবেন তিনি। দুই দিনের সফর শেষে শুক্রবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-১৮৭৪ ঢাকার উদ্দেশে কাঠমান্ডু ছাড়ার কথা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension