
প্রেসিডেন্ট ট্রাম্প মনগড়া কথা বলেন না: ল্যারি কাড
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীর সংকট নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে ভারত ও আমেরিকার মধ্যে অস্বস্তি বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে ট্রাম্পের আর্থিক উপদেষ্টা ল্যারি কাডলো বলেছেন, ‘প্রেসিডেন্ট মনগড়া কথা বলেন না।’তার ওই মন্তব্যের ফলে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে বলেছিলেন কি না, এই প্রশ্নের জবাবে কাডলো বলেন, ‘এটা খুব দুর্বিনীত প্রশ্ন। প্রেসিডেন্ট মিথ্যা বলেন না। আমি এ নিয়ে কথা বলব না। নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন, পররাষ্ট্রসচিব মাইক পম্পেয়ো বা প্রেসিডেন্ট নিজে চাইলে এ বিষয়ে কথা বলতে পারেন।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে তাকে অনুরোধ করেছেন বলে পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খানের কাছে মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চরম অস্বস্তিতে ফেলেছেন ভারতের মোদি সরকারকে।

সোমবার ইমরান খানের সঙ্গে এক বৈঠকে ওই দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ওই দাবির প্রেক্ষিতে ভারতীয় রাজনৈতিক অঙ্গন উত্তাল হয়ে উঠেছে। মঙ্গলবার সংসদের লোকসভা ও রাজ্যসভা দুই উভয় কক্ষেই দফায় দফায় বিরোধীরা সরকারকে এ নিয়ে চেপে ধরে ও ওয়াক আউট করে। বিরোধী দলী সদস্যরা এ নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে বিক্ষোভও করেন।
যদিও এ নিয়ে সংসদের দুই কক্ষেই বক্তব্য দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি ট্রাম্পের দাবি সঠিক নয় বলে জানান। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জয়শঙ্করকে দু’বার পড়তে বলেন বিবৃতিটি। জয়শঙ্কর দ্ব্যর্থহীন ভাষায় বলেন, প্রধানমন্ত্রী এমন কোনও প্রস্তাবই দেননি। তারপরও বিরোধী নেতারা একজোট হয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের দাবিতে অটল থাকেন। কিন্তু ট্রাম্পের ওই মধ্যস্থতার দাবি নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।



