আঞ্চলিকগণমাধ্যমবাংলাদেশ

ফরিদপুরে বাড়িঘর ভাঙচুর, ভিডিও করায় সাংবাদিককে মারধর

ফরিদপুর সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হামলার দৃশ্য ধারণ করায় আনিচুর রহমান নামে এক সাংবাদিককে মারধর করেছে হামলাকারীরা।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে ফরিদপুর শহরের গোয়ালচামট খোদাবক্স সড়কের খৈমদ্দিন মিয়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক আনিচুর দেশটিভি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

জানা গেছে, পাশ্ববর্তী মোল্লাবাড়ি সড়কের বাসিন্দা আমিন মোল্লা ও মারুফ মোল্লার নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি ওই এলাকার মাসুদুল আলমের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ির ইটের দেয়াল ভেঙে ফেলে। এই ঘটনার ভিডিও করলে একপর্যায়ে তারা সাংবাদিক আনিচুরকে মারধর করে। এছাড়া তাকে অবরুদ্ধ করেও রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

আহত সাংবাদিক আনিচুর রহমান বলেন, ভাঙচুরের সময় আমি ঘটনার ভিডিও ধারণ করি। একপর্যায়ে পৌরসভা বা আদালতের অনুমোদনের বিষয়ে জানতে চাই। তখনই তারা অতর্কিতভাবে হামলা করে ও লাঠি দিয়ে পেটাতে থাকে। এ সময় প্রাণ বাঁচাতে পাশে একটি বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা ঐ বাড়িও অবরুদ্ধ করে রাখেন।

ভুক্তভোগী মাসুদ আলম বলেন, আমার নিজের জমিতে বিগত ৫০ বছর যাবৎ বসত করে আসছি। বসতঘরের পেছনে ভাগ্নে মইনুল হকের পাঁচ শতাংশ জমি রয়েছে। গত বছর থেকে আমিন ও মারুফ মোল্যার যোগাসাজসে আমাকে ওই বাড়ি ছেড়ে দিতে বলে। আজ হঠাৎ দুর্বৃত্তরা বাড়ি ভাঙচুর করে।

এ বিষয়ে জানতে আমিন মোল্লা বলেন, মাসুদের জমির ভেতর মইনুলদের জমি রয়েছে। কয়েকবার শালিসের মাধ্যমে ভেঙে ফেলতে বলা হলেও তা করা হয়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

যমুনা টিভি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension