নিউ ইয়র্কপ্রবাস

বঙ্গবন্ধুকে উৎসর্গ করে নিউইয়র্কে জমকালো আয়োজনে শুরু হলো ৪০তম ফোবানা সম্মেলন

শাহ্ জে. চৌধুরী ॥ নিউইয়র্ক:

উত্তর আমেরিকার প্রবাসী বাঙালিদের অন্যতম বৃহৎ মিলনমেলা ফেডারেশন অব বাংলাদেশ অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ৪০তম সম্মেলন গতকাল ৪ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ঐতিহ্যবাহী ইভানজেল ক্রিস্টিয়ান সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এনআরবি অ্যাসোসিয়েশন ইউএসএ-এর আয়োজনে তিন দিনব্যাপী এই সম্মেলন চলবে ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর।

“চেতনায় হৃদয়ে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এবারের সম্মেলনটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টায় বেলুন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোবানা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, নির্বাহী মহাসচিব দেওয়ান মনিরুজ্জামান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা ড. নুরুন্নবী, প্রধান পৃষ্ঠপোষক শফিকুল আলম এবং ৪০তম ফোবানা হোস্ট কমিটির কনভেনর নূরুল আমিন বাবু ও সদস্য সচিব মনজুর কাদের।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, হুইপ নজরুল ইসলাম বাবু এমপি, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপিসহ নিউইয়র্কে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

উদ্বোধনী সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল ৪০তম ফোবানা সম্মেলনের নিজস্ব থিম সং। খ্যাতিমান শিশুসাহিত্যিক ও কবি হুমায়ূন কবীর ঢালীর কথায়, ইবরার টিপুর সুরে এবং শাহ মাহবুব ও বিন্দুকণার কণ্ঠে পরিবেশিত—“অক্ষরে সাজাই বর্ণমালা, বঙ্গবন্ধুর বাংলাদেশ…” গানটি দর্শক-শ্রোতাদের মধ্যে গভীর আবেগ ও উচ্ছ্বাস সৃষ্টি করে।

এ ছাড়া এনি ফেরদৌসীর পরিচালনায় এবং মাইশার ধারাবিবরণীতে সাংস্কৃতিক সংগঠন বিপার পরিবেশনায় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা-নির্ভর গীতিনাট্য ছিল সন্ধ্যার আরেকটি উল্লেখযোগ্য আকর্ষণ। হৃদয়স্পর্শী এই পরিবেশনার সময় মিলনায়তনে নেমে আসে পিনপতন নীরবতা। দর্শক-শ্রোতারা গভীর মনোযোগে উপভোগ করেন পুরো পরিবেশনাটি।

উদ্বোধনী সন্ধ্যায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের ভূমিকা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিশেষ স্মারক অধিবেশন অনুষ্ঠিত হয়। পরে দেশ-বিদেশের আমন্ত্রিত খ্যাতনামা শিল্পী এবং প্রবাসী তরুণ প্রজন্মের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সবার জন্য উন্মুক্ত এ আয়োজনে নিউইয়র্কসহ পার্শ্ববর্তী বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাঙালি অংশ নেন। তাদের প্রাণবন্ত উপস্থিতিতে সম্মেলনস্থল পরিণত হয় বাঙালির সংস্কৃতি, স্মৃতি ও আবেগের এক মিলনমেলায়।

আয়োজক সংস্থা এনআরবি অ্যাসোসিয়েশন ইউএসএ উত্তর আমেরিকার সর্বস্তরের প্রবাসী বাঙালিদের সম্মেলনের পরবর্তী দিনগুলোর আলোচনা সভা, সাহিত্য আসর, বিজনেস সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

ছবি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension