অর্থনীতি ও বাণিজ্যপ্রধান খবরবাংলাদেশ

বর্তমানে মাথাপিছু আয় ২,৮২০ ডলার যা এ যাবৎকালের সর্বোচ্চ

চলতি অর্থবছরে (২০২৪-২৫) বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৮২০ মার্কিন ডলার। এই আয় এযাবৎকালের রেকর্ড। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য দিয়েছে। গত অর্থবছরের চেয়ে মাথাপিছু আয় বেড়েছে ৮২ ডলার। গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২৭৩৮ ডলার। তবে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৯৭ শতাংশ। গত অর্থবছরে জিডিপির প্রকৃত প্রবৃদ্ধি হয়েছিল ৪ দশমিক ২২ শতাংশ। মঙ্গলবার (২৭ মে) বিবিএস ২০২৪-২৫ অর্থবছরের মাথাপিছু আয়, জিডিপির সাময়িক হিসাব প্রকাশ করেছে।

মাথাপিছু আয় ব্যক্তির একক আয় নয়। দেশের অভ্যন্তরীণ আয়ের পাশাপাশি প্রবাসী আয়সহ যত আয় হয়, তা একটি দেশের মোট জাতীয় আয়। সেই জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে এই হিসাব করা হয়। বিবিএসের হিসাবে দেখা গেছে, ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার। এরপর ২০২২-২৩ অর্থবছরের মাথাপিছু আয় কমে দাঁড়ায় ২ হাজার ৭৪৯ ডলারে। গত অর্থবছরে তা আরও কমে ২৭৩৮ ডলার হয়।

ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় বিবিএসের হিসাবে মাথাপিছু আয়ের পার্থক্য হয়। চলতি অর্থবছরের বিবিএসের মাথাপিছু আয় হিসাব করতে প্রতি ডলারের গড় বিনিময় হার ধরা হয়েছে ১২০ টাকা ২৯ পয়সা। গতবার এই বিনিময় হার ধরা হয়েছিল ১১১ টাকা ৬ পয়সা। চলতি অর্থবছরে টাকার অঙ্কে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৮২০ ডলার বা ৩ লাখ ৩৯ হাজার ২১১ টাকা। গত অর্থবছরে এর পরিমাণ ছিল ২ হাজার ৭৩৮ ডলার বা ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা।

বিবিএসের প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরে শিল্প খাতে প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৩৪ শতাংশ। গত অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছিল ৩ দশমিক ৫১ শতাংশ। এবারে কৃষি খাতে কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৭৯ শতাংশ। আগের অর্থবছরে এর প্রবৃদ্ধি হয়েছিল ৩ দশমিক ৩০ শতাংশ। একই সময়ে সেবা খাতেও প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৫১ শতাংশ। যেখানে আগের অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছিল ৫ দশমিক ০৯ শতাংশ।

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি কমবে, এমন পূর্বাভাস আন্তর্জাতিক সংস্থাগুলো আগেই দিয়েছে। বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস হলো ৩ দশমিক ৮ শতাংশ। আরেক দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংকও (এডিবি) বলেছে, বাংলাদেশে চলতি অর্থবছরে ৩ দশমিক ৯ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হতে পারে। সাধারণত প্রতি অর্থবছরই ৯ মাসের প্রকৃত তথ্য ও তিন মাসের সাময়িক তথ্য নিয়ে জিডিপির প্রবৃদ্ধি প্রকাশ করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension