বাংলাদেশরাজনীতি

বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র চালাচ্ছে বিএনপি: নাছিম

বিএনপি বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, ‘ক্ষমতায় থাকতে তারা দেশের কল্যাণে একটি কাজও করতে পারেনি। আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন, দর্শন তাদের নেই। তাদের একটাই দর্শন—আগুন সন্ত্রাস, হত্যা ও লাশের রাজনীতি করে ফায়দা লুটতে চাওয়া।’

আজ শুক্রবার বিকালে রাজধানীর জুরাইন বালুর মাঠে শ্যামপুর থানা ও ৪৭, ৫১ ও ৫৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপি-জামায়াতের অন্ধকার যুগে হত্যা, খুন মামুলি ব্যাপার ছিল। সেই খুনিদের দল সন্ত্রাসী কায়দায় মানুষের ওপর, আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর, এমনকি সাংবাদিকদের ওপর নিষ্ঠুরভাবে হামলা করছে। তারা পঁচাত্তর-একাত্তরের মতো একই ভাষায় একই ছন্দে সন্ত্রাসের রাজত্ব কায়েমের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’
১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশের গণতন্ত্র ছিনতাই করা হয়েছিল উল্লেখ করে নাছিম বলেন, ‘অবৈধ রাষ্ট্রপতি খুনি জিয়া গংরা ক্ষমতা দখল করে বাংলাদেশকে অন্ধকার যুগে নিয়ে গিয়েছিল, হাজার হাজার বীর মুক্তিযোদ্ধা, সামরিক বাহিনীর শত শত সেনা সদস্যকে নির্মমভাবে হত্যা করেছিল।’

তিনি আরও বলেন, ‘অত্যাচারীরা শেখ হাসিনার সরকারকে বিতর্কিত করতে বিদেশে নালিশ দিচ্ছে ও মিথ্যাচার করছে। অসাম্প্রদায়িক শক্তিকে লেলিয়ে দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় তারা।’

নাছিম বলেন, ‘আওয়ামী লীগে সন্ত্রাসের জায়গা নেই। আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে। জনগণের সমর্থন আমাদের শক্তি-প্রাণ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ১৬ কোটি মানুষকে রক্ষার জন্য আওয়ামী লীগ রাজপথে থাকবে।’

ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফজাল হোসেন ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। আমন্ত্রিত অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য সানজিদা খানম।

শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension