বাংলাদেশের পথেমুক্তিযুদ্ধ

বাংলাদেশের পথে- ১ ও ২ জানুয়ারি ১৯৭১

বিজয়ের মাস ডিসেম্বরে আমরা মুক্তিযুদ্ধের সময়কার দিনলিপি রূপসী বাংলায় প্রকাশ করবার পরিকল্পনা করলাম। এই দিনলিপি আমরা সংগ্রহ করলাম মুক্তিযুদ্ধ জাদুঘরের সৌজন্যে।  একটা ছোট্ট সমস্যা দেখা দিল। আমাদের সংগৃহীত দিনলিপির পাণ্ডুলিপিটি ছিল ইংরেজি ভাষায়। এখন সেটাকে প্রকাশ করতে হলে বাংলায় রূপান্তর করে নিতে হবে। কিন্তু রূপসী বাংলার আলাদা কোনও অনুবাদ বিভাগ নেই। অতএব সেটা নিজ দায়িত্বেই করতে হবে। বিষয়টা মুক্তিযুদ্ধ বিষয়ক বলেই আমরা কোনও রকম সহযোগ ছাড়াই কাজটা করতে রাজি হলাম।
 
ডিসেম্বরের শেষ দিকে এসে আমাদের মনে হল, মুক্তিযুদ্ধ তো দীর্ঘ নয় মাস চলেছিল। আর  এর প্রক্রিয়া শুরু হয়েছিল বেশ আগে থাকতেই। তাহলে কেন আমরা মুক্তিযুদ্ধের পুরো দিনলিপিটাই আনছি না! সেই ভাবনা থেকেই আমরা ১৯৭১ সালটির পুরো এক বছরের দিনলিপি প্রকাশ করবার পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা জানি না এই ধারাবাহিকটি একটা বছর ধরে আমরা চালিয়ে যেতে পারব কিনা। সেই সিদ্ধান্ত নেবেন রূপসী বাংলা সম্পাদক।
 
১৯৭১ সালের জানুয়ারি মাস। দেশ উত্তাল। বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান। তবে স্বাধীনতার কথা আলোচিত হচ্ছে। পূর্ব পাকিস্তান এগিয়ে চলেছে বাংলাদেশের পথে। পয়লা জানুয়ারি থেকেই শুরু হল আমাদের একাত্তরের দিনলিপি। এই মাসের শিরোনাম ‘বাংলাদেশের পথে।’ গতকাল প্রকাশ করা যায় নি বলে আজ প্রকাশিত হল ১ ও ২ জানুয়ারির দিনলিপি। আগামীকাল থেকে রোজকার দিনলিপি যথানিয়মে প্রকাশ করা হবে- নির্বাহী সম্পাদক, রূপসী বাংলা। 
 
 
 
১ জানুয়ারি, ১৯৭১
 
চট্টগ্রাম শিল্প এবং বণিক সমিতি এবং ঢাকা শিল্প ও বণিক সমিতি গত ৩১ ডিসেম্বর ঘোষিত নয়া আমদানী নীতির কঠোর সমালোচনা করেছেন। ঢাকা শিল্প ও বণিক সমিতির সভাপতি মতিউর রহমান বলেন, নয়া আমদানী নীতিতে পূর্ব পাকিস্তানের স্বার্থ উপেক্ষিত হয়েছে। তিনি বলেন, বাণিজ্যমন্ত্রী পূর্ব পাকিস্তানের কোনও অর্থনৈতিক সমস্যার কথাও উল্লেখ করেন নি। যদিও পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক সমস্যা বিশ্বদৃষ্টি আকৃষ্ট করেছে। আর এটা দুর্ভাগ্যজনক যে, কিছু সুনির্দিষ্ট দাবি, যেমন ফ্রিলিষ্ট ও বোনাস ভাউচারের বিলোপ সরকারের নজরে পড়ে নি। এসব দাবি-দাওয়া পূর্ব পাকিস্তানের বাণিজ্যিক সম্প্রদায় তাদের বাণিজ্যিক সংগঠনের মাধ্যমে পাঁচ বছর ধরে বারবার উত্থাপন করে আসছে।
 
পাকিস্তানের পিপলস্‌ পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো করাচীতে জানান যে, তিনি তার প্রস্তাবিত ঢাকা সফর সাময়িকভাবে বাতিল করে দিয়েছেন। পাকিস্তান আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ৩ জানুয়ারি তার ঢাকা সফর করবার কথা ছিল। ক্লিফটনের নিজ বাসভবনে অনুষ্ঠিত এক ঘরোয়া বৈঠকে সাংবাদিকদের তিনি বলেন, ১৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য পশ্চিম পাকিস্তানে জাতীয় পরিষদের ৬টি নির্বাচনী এলাকায় তাকে সময় দিতে হচ্ছে বলে উক্ত সফর পরিকল্পনা সাময়িকভাবে বাতিল করা অপরিহার্য হয়ে পড়েছে। তিনি তার পরিবর্তে পাঞ্জাব পিপলস্‌ পার্টির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খারকে শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকা পাঠাতে চেয়েছেন। এ ব্যাপারে শেখ মুজিবুর রহমানের সঙ্গে তিনি টেলিফোনে যোগাযোগ করতেও ব্যর্থ হন। ফলে জনাব খারকে তার বিমানের টিকিট বাতিল করে দিতে হয় বলে তিনি জানান।
 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাশ্মির সমস্যা সমাধানের ব্যাপারে কাশ্মিরিদের পূর্ণ সমর্থনদানের আশ্বাস দেন। খাজা সানাউল্লাহ শামিমের নেতৃত্বে কাশ্মীর মুসলিম সম্মেলনের পাঁচজন নেতা আজ বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের এই আশ্বাস দেন। কাশ্মীরী নেতৃবৃন্দ সাম্প্রতিক নির্বাচনে আওয়ামী লীগের ঐতিহাসিক বিজয়ের জন্য আজাদ কাশ্মিরের প্রেসিডেন্ট সরদার আবদুল কাইয়ুমের একটি অভিনন্দন বাণী বঙ্গবন্ধুর কাছে পৌঁছে দেন। এছাড়া পশ্চিম পাকিস্তান থেকে বেশ কিছু সংখ্যক নব-নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য ও পশ্চিম পাকিস্তানি আওয়ামী লীগ নেতা গতকাল বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেন। এসব নেতা ৩ জানুয়ারি রমনা রেসকোর্সে আওয়ামী লীগের শপথ দিবসের সমাবেশে যোগদানের উদ্দেশ্যে ঢাকা পৌঁছেছেন।
 
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে প্যালেস্টাইন বিপ্লব শুরুর ষষ্ঠ বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বলেন, ন্যায়, সত্য ও স্বাধিকার প্রতিষ্ঠা এবং জন্মভূমি পুনরুদ্ধারের মরণপণ সংগ্রামে লিপ্ত প্যালেস্টাইন মুক্তি সংস্থা আল-ফাতাহর জয় হবেই। কারণ, অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের সংগ্রামের বিজয় অনিবার্য। অনুষ্ঠানে শিল্পাচার্য জয়নুল আবেদীন, পূর্ব পাকিস্তানে নিযুক্ত আল ফাতাহর প্রতিনিধি আবু মুনির এবং আওয়ামী লীগ নেত্রী বদরুন্নেসা আহমেদ বক্তব্য রাখেন। শিল্পাচার্য জয়নুল আবেদীন তাঁর সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফর অভিজ্ঞতা বর্ণনা করেন এবং বলেন প্যালেস্টাইনি কমান্ডোরা দেশপ্রেমেরই প্রতিমূর্তি।
 
পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের কার্যকরি পরিষদের সভা করাচি ও রাওয়ালপিন্ডি সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে দৈনিক পাকিস্তান অবজারভারের রাওয়ালপিন্ডিস্থ প্রতিনিধি সৈয়দ নজিউল্লাহ এবং ‘ইন্টার উইং’- এর সম্পাদক এ.আর. শামসুদ্দোহাকে মুক্তিদানের আহবান জানান। সভায় সমালোচনা করা হয় যে, যেসময় দেশে স্বাধীনভাবে মতামত প্রকাশের সুযোগ করা হয়েছে সেসময় কোনও সাংবাদিককে তাঁর নিজস্ব মতামত প্রকাশের জন্য শাস্তি দেওয়া উচিত নয়।
 
২ জানুয়ারি, ১৯৭১
ভুট্টোর দূত, গোলাম মোস্তফা খার ও বঙ্গবন্ধু শেখ মুজিবরের মধ্যে আজ অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ১৭ জানুয়ারির পর আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান ও পিপলস পার্টি প্রধান জেড. এ. ভুট্টো শাসনতান্ত্রিক প্রশ্ন আলোচনার জন্য ঢাকায় বৈঠকে মিলিত হবেন। গোলাম মোস্তফা খার বঙ্গবন্ধুর বাসভবনে তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ অবস্থান করেন এবং তাঁরা উভয়েই শাসনতন্ত্র রচনা সম্পর্কে দুই দলের সহযোগিতার ব্যাপারে আলোচনা করেন। জনাব খার আজ লাহোরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
 
ঘূর্ণিদুর্গত এলাকায় সাহায্য কাজের অগ্রগতি বিবেচনার জন্য পূর্ব পাকিস্তানের গভর্নরের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। পূর্ব পাকিস্তানের চিফ সেক্রেটারি, পরিকল্পনা ও উন্নয়ন চেয়ারম্যান, পিএডিসির চেয়ারম্যান, অর্থ দফতরের সেক্রেটারি, কৃষি দফতরের সেক্রেটারি এবং রিলিফ কমিশনার উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয় যে, দুর্গত লোকজনকে যথাশীঘ্র সম্ভব আত্ম-নির্ভরশীল করে তোলার উদ্দেশ্যে টেস্ট রিলিফ ব্যবস্থা জোরদার করা হবে। দুর্গত এলাকায় কৃষকদের কৃষিঋণ ও বীজ প্রদান এবং চাষ কাজে ট্রাক্টর সরবরাহ করার জন্যও উক্ত বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়।
 
ঢাকায় নিখিল পাকিস্তান সংবাদপত্র সমিতির আঞ্চলিক কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খুলনা নিউজপ্রিন্ট মিলস্‌ কর্তৃপক্ষ কর্তৃক একতরফাভাবে নিউজপ্রিন্টের মূল্যবৃদ্ধিতে দুঃখ প্রকাশ করা হয়। প্রতিটনে ৩২৫ টাকা করে নিউজপ্রিন্টের মূল্য বৃদ্ধি করা হয়েছে। প্রতিটন ১৫৪০ টাকা বর্ধিত হারে নতুন করে লেটার অব ক্রেডিট খোলার অনুরোধ জানিয়ে খুলনা নিউজপ্রিন্ট মিলসের প্রেরিত পত্র নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। বৈঠকে ১৯৭০ সালের ৩০ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত নিখিল পাকিস্তান সংবাদপত্র সমিতির কার্যকরি কমিটির জরুরি সভায় এক প্রস্তাব এবং পরবর্তী সময়ে পূর্ব পাকিস্তানের গভর্নরের সঙ্গে সংবাদপত্র শিল্পের প্রতিনিধিদের আলোচনার কথা স্মরণ করা হয়। সেই আলোচনা শেষে প্রাদেশিক সরকার কর্তৃক এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে, খুলনা নিউজপ্রিন্ট মিল কর্তৃপক্ষের নিউজপ্রিন্টের মূল্যবৃদ্ধি সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করা হবে না। সরকার সংবাদপত্র শিল্পকে আশ্বাস দান করেছিল যে, এই বিষয়ে নতুন সিদ্ধান্ত প্রতিনিধিদের সঙ্গে যথাযথ আলোচনার পরই করা হবে।
 
 
মুক্তিযুদ্ধ জাদুঘরের সৌজন্যে- মুখা।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension