প্রধান খবরবাংলাদেশ

বাংলাদেশে বাস ভাড়া বাড়ল ৬০ শতাংশ

বাংলাদেশে আন্তঃজেলা ও দূরপাল্লায় চলাচলকারী (ঢাকা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকা এবং চট্টগ্রাম মহানগর) বাস ও মিনিবাসের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আন্তঃজেলা ও দূরপাল্লা রুটে চলাচলকারী বাস/মিনিবাস, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস/মিনিবাস এবং ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটির (ডিটিএ) আওতাধীন জেলার (নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে, যা ১ জুন সোমবার থেকে কার্যকর হবে।

তবে বর্ধিত ভাড়া নেওয়ার ক্ষেত্রে কয়েকটি শর্তের কথা উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, একজন যাত্রীকে বাস/মিনিবাসের পাশাপাশি দুইটি আসনের একটি আসনে বসিয়ে অপর আসনটি অবশ্যই ফাঁকা রাখতে হবে। স্বাস্থ্যবিধি অনুসারে শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

কোনভাবেই সংশ্লিষ্ট মোটরযানের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে উল্লেখিত মোট আসন সংখ্যার অর্ধেকের বেশি যাত্রী বহন করা যাবে না এবং দাঁড়িয়ে কোনও যাত্রী বহন করা যাবে না।

এ ছাড়া অনুমোদিত এই ভাড়ার হার করোনাভাইরাসজনিত সংকটকালের জন্য প্রযোজ্য হবে উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ সংকট দূর হলে আগের ভাড়া প্রযোজ্য হবে। ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension