প্রধান খবরবাংলাদেশরাজনীতি

বিএনপির নির্বাচনী পোস্টারে খালেদা জিয়ার নিষিদ্ধ

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  এবার নির্বাচনী পোস্টারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি ব্যবহারে আইনী জটিলতার মধ্যে পড়তে যাচ্ছে দলটির প্রার্থীরা। আদালতের নির্দেশ আনুযায়ী বিএনপির সংশোধিত গঠনতন্ত্র নির্বাচন কমিশন গ্রহণ না করায় এই জটিলতায় পড়তে যাচ্ছে দলটি।

নির্বাচনী আইন অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত দলগুলোর প্রার্থীরা নিজের নির্বাচনী পোস্টারে দলীয় প্রতীক, নিজের ছবির পাশাপাশি দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন। তবে জোটবদ্ধ নির্বাচন করলে কোনও প্রার্থী মূল দলের বাইরের দলের নেতানেত্রীর ছবি ব্যবহার করতে পারবেন না। এ বিষয়ে শৃঙ্খলা রক্ষায় ইসি বিশেষ উদ্যোগ নিতে যাচ্ছে। এরই অংশ হিসেবে নিবন্ধিত দলগুলোকে সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি পাঠাতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচারণায় দলীয় প্রধান হিসেবে কোনও প্রার্থী যাতে অন্য কারও নাম পোস্টারে ব্যবহার না করতে পারে এজন্যই দলগুলোর কাছে ছবি চেয়েছে বলে দাবী ইসির।

সূত্র জানায়, আদালতের নির্দেশনা মানার বাধ্যবাধকতা থাকায় কোনও দন্ডিত ব্যক্তি কোনও দলের প্রধান থাকতে পারবেন না- ইসিকে এ নির্দেশনা মানতেই হবে। এমন অবস্থায় বিএনপির দলীয় প্রধান কে হবেন বা কার স্বাক্ষরে দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন- এ বিষয়টি স্পষ্ট করতে আজকালের মধ্যেই দলটিকে চিঠি দেবে ইসি। আজ সোমবার বিকেলে অনুষ্ঠিত  কমিশন বৈঠকের পর বিএনপিকে চিঠি দেওয়ার বিষয়টি চূড়ান্ত হবে।

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে খালেদা জিয়া বিএনপির দলীয় প্রধানের পদ ছাড়লে বা ওই পদে অন্য কাউকে দেখালে নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থীরা পোস্টারে দলীয় প্রধান হিসাবে খালেদার ছবি ব্যবহার করতে পারবেন না। একই ভাবে বিএনপি জোটের অন্য দলের প্রার্থীরাও খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে পারবেন না। এর বদলে প্রার্থীদের স্ব স্ব দলের প্রধানদের ছবি পোস্টারে ব্যবহার করতে হবে।

প্রসঙ্গত, রোববার দলের সভাপতি বা সাধারণ সম্পাদকের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি চেয়ে ইসির উপ-সচিব মো. আব্দুল হালিম খান নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে একটি চিঠি পাঠান। চিঠিতে বলা হয়, নিবন্ধিত রাজনৈতিক দলের চেয়ারম্যান/সভাপতি ও সাধারণ সম্পাদক বা মহাসচিবের সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পাঁচ কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে। ছবি সংশ্লিষ্ট দলের কমিটির কোনও সদস্য কর্তৃক সত্যায়িত হতে হবে।

আইন অনুযায়ী, সংসদ নির্বাচনের প্রচার কাজে প্রার্থীরা পোস্টারে দলীয় প্রধানের ছবি ব্যবহার করেন। এতে অনেক সময় দলীয় প্রধান ছাড়াও অন্যদের ছবিও ব্যবহার করেন কেউ কেউ। এটা করলে যেন সহজেই নির্বাচন কমিশন বিষয়টি ধরতে পারেন, তাই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া দলীয় প্রধানের ছবি ইসির ওয়েবসাইটে প্রকাশ করতেও প্রয়োজন হবে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা ৩৯টি।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension