
বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেল আটক
রূপসী বাংলা ডট ইউএস ডেস্ক:বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে মালিবাগের একটি বাসা থেকে তাকে গোয়েন্দা পুলিশের একটি দল আটক করে বলে দাবি করেছে পরিবার। তবে পুলিশ বা র্যাবের কেউ সোহেলকে গ্রেপ্তারের কথা স্বীকার করেনি।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কখন কোথায় থেকে আটক করেছে তা তিনি নিশ্চিত নন বলে জানান।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাংলাদেশ জার্নালকে জানান, ভোরের দিকে গোয়েন্দা পুলিশ মালিবাগের একটি বাসা থেকে সোহেলকে আটক করে নিয়ে যায়। সোহেল কোথায় আছেন কী অবস্থায় তাকে রাখা হয়েছে আমরা কিছু জানি না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তবে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন, র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এবং ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সবাই বিএনপি নেতা সোহেলকে গ্রেপ্তারের কথা অস্বীকার করেছেন।
গত ৩০ জানুয়ারি হাই কোর্ট মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলারই আসামি ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি সোহেল। সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিলেট সফরে সোহেলও তার সঙ্গে ছিলেন। সিলেটে দুই আউলিয়ার মাজার জিয়ারত শেষে সোমবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকায় ফেরেন খালেদা জিয়া।
ছাত্রদলের সাবেক সভাপতি সোহেলের বিরুদ্ধে নাশকতাসহ প্রায় দেড়শ মামলা রয়েছে। দীর্ঘ সময় কারাবাসের পর কয়েক মাস আগে তিনি সবগুলো মামলায় জামিন লাভ করেন।
বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা একটি দুর্নীতি মামলার রায় ঘোষণা দিন ধার্য আছে। নেতিবাচক রায় আসতে পারে এমন আশঙ্কা বিএনপি নেতাকর্মীদের। রায়কে ঘিরে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে দলটি।
সরকারি দলের পক্ষ থেকে ওই দিন আনুষ্ঠানিক কোনো কর্মসূচি ঘোষণা না করলেও ঢাকা দক্ষিণ সিটি মেয়র ও আওয়ামী লীগ নেতা সাঈদ খোকন রাজপথে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। যুবলীগও রাজপথ দখলে রাখার ঘোষণা দিয়েছে।
খালেদা জিয়ার রায়কে ঘিরে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেপ্তার চলছে বলে দাবি করেছে দলটি। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এটা তাদের স্বাভাবিক অভিযান। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই তা করা হচ্ছে।



