
বুমরাহের চার উইকেট, ভারতের টার্গেট ২৮৪ রান
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : ভুবি-বুমরাহ ফিরলেও ঝাঁঝ নেই ভারতের বোলিংয়ে৷ টুর্নামেন্টের শুরু থেকে কোহলির বোলিং ইউনিটে ধারাবাহিকতার অভাব স্পষ্ট৷ স্লগ ওভারে কোহলির বোলারদের আইসিইউতে পাঠিয়ে এদিন ওয়েস্ট ইন্ডিজকে ২৮৩ রানর দোরগোড়ায় পৌঁছে দিলেন অ্যাশলে নার্স৷
শেষদিকে ২২ বলে ৪০ রানের ক্যামিও ইনিংস খেলে ম্যাচের মোর ঘুরিয়ে দিলেন নার্স৷ তাঁর ইনিংস সাজানো চারটি চার ও দুটি ছয় দিয়ে৷ দশ রানের জন্য অর্ধশতরান মাঠে ফেলে এলেও কাজের কাজটা করে দিয়ে যান নার্স৷ পুনের মাটিতে তৃতীয় ওয়ান ডে ম্যাচ জিততে ভারতের টার্গেট ২৮৪ রান৷ ইনিংসের ৪৯তম ওভারে ভুবনেশ্বর ২১ রান খরচ না করলে টার্গেট কিছুটা হলেও কম হত৷
কোহলি-রোহিতরা যে ফর্মে রয়েছে তাতে অবশ্য এই রান তুলতে মেন ইন ব্লু’র খুব একটা অসুবিধে হওয়ার কথা নয়৷ শেষ দুটি ওয়ান ডে ম্যাচেই শতরান হাঁকিয়েছেন কোহলি৷ টুর্নামেন্টের প্রথম ম্যাচে শতরান পেয়েছেন রোহিত৷ এশিয়া কাপে সিরিজ সেরা হয়েছেন ধাওয়ান৷ পুনের মাটিতে ২৮৪ রান তাড়া করার ক্ষেত্রে ফর্মের শিখরে থাকা টপ অর্ডারের এই তিন ব্যাটসম্যানের দিকেই তাকিয়ে টিম ম্যানেজমেন্ট৷
ভারতীয় বোলারদের মধ্যে এদিন নজর কেড়েন জসপ্রীত বুমরাহ৷ নির্ধারিত দশ ওভারে ৩৫ রান খরচ করে চার উইকেট তুলে নিয়েছেন বুমরাহ৷ যদিও অন্য পেসার ভুবনেশ্বর চূড়ান্ত হতাশ করেছেন৷
নির্ধারিত বোলিং কোটা শেষে ৭০ রান খরচ করেছেন ভুবি৷ পেয়েছেন মাত্র একটি উইকেট৷ ওয়ান ডে দলে প্রত্যাবর্তনটা ভুবির ক্ষেত্রে সুখকর না হলেও ভারতের জার্সি গায়ে ফিরেই আলো কাড়তে সফল বুমরাহ৷ স্পিনারদের মধ্যে দুটি উইকেট পেয়েছেন কুলদীপ যাদব৷ একটি করে উইকেট খলিল, চাহাল ও ভুবনেশ্বরের৷
অন্যদিকে এদিন অল্পের জন্য শতরান মাঠে ফেলে এলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান হোপ৷ ৯৫ রানে বুমরাহের শিকার হয়ে মাঠ ছাড়েন হোপ৷ এছাড়া ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে এদিন হেটমায়ার(৩৭) ও অধিনায়ক হোল্ডার (৩২) ব্যাট হাতে রান পেয়েছেন৷
💪💪💪@Paytm #INDvWI pic.twitter.com/8FJ8ArKmTd
— BCCI (@BCCI) October 27, 2018




