
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার আইনজীবীরা জামিন চাইলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকার বিশেষ জজ-৬ আদালত সম্পদের হিসাব জমা না দেয়ার মামলায় মঙ্গলবার রফিকুল ইসলাম মিয়াকে তিন বছর কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের জেল দেন। রায় ঘোষণার সময় আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
রায়ে বলা হয়, দুর্নীতি দমন ব্যুরোর (বর্তমানে দুর্নীতি দমন কমিশন) অনুসন্ধানে জানা যায়, রফিকুল ইসলাম মিয়ার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ আছে। পরে ১৯৫৭ সালের আইনের ৪ (১) ধারায় রফিকুল ইসলাম মিয়াকে সম্পদের হিসাব জমা দেয়ার জন্য ২০০১ সালের ৭ এপ্রিল নোটিশ দেয়া হয়। নির্ধারিত ৪৫ দিনের মধ্যেও সম্পদের হিসাব দেন নি রফিকুল ইসলাম মিয়া।
মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০০১ সালের ১০ জুন রফিকুল ইসলাম মিয়া সম্পদের হিসাব জমা দেওয়ার জন্য দুর্নীতি দমন ব্যুরোর দেওয়া নোটিশ গ্রহণ করেন। কিন্তু তিনি সম্পদের বিবরণ জমা দেন নি।
এই অভিযোগে ২০০৪ সালের ১৫ জানুয়ারি তার বিরুদ্ধে উত্তরা থানায় মামলা হয়। তদন্ত শেষে ওই বছরের ৩০ নভেম্বর আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। আদালত ওই অভিযোগপত্র আমলে নিয়ে গত বছরের ১৪ নভেম্বর রফিকুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।



