
যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে অব্যাহতি দেয়া হয়েছে। জয় বাংলা স্লোগানকে নিয়ে কটাক্ষ করায় ও সংঘটন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
শনিবার (৭ আগস্ট) এ তথ্য জানান সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
মাইনুল হোসেন খান নিখিল বলেন, “ইতিপূর্বে বিভিন্ন কারনে তাকে দুই দফা কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এছাড়াও তিনি সংঘটনের কার্যক্রমেও অনুপস্থিত থাকেন।”
প্রসঙ্গত, শেখ কামালের জন্মদিনের দিন আওয়ামীলীগের দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে রাজনৈতিক স্লোগান দেন শরীয়তপুরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন। এই ঘটনার সমালোচনা করে ফেসবুক লাইভে আসেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।
ফেসবুক লাইভে ব্যারিস্টার সুমন ওসি আক্তার হোসেনের সমালোচনা করে বলেন,”আমার কথা হচ্ছে, আপনি যখন সরকারি দায়িত্বে থাকবেন কিংবা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন, তখন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আবেগ দেখানোর সঙ্গে সঙ্গে আপনার বিরুদ্ধে পানিশমেন্ট নিয়ে আসা উচিত। কিন্তু তিনি এখনও ওই জায়গাতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন।”



