
ব্রিটেনের নতুন কর পরিকল্পনার সমালোচনায় আইএমএফ
যুক্তরাজ্য সরকারের কর কমানোর পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। এই পরিকল্পনা জীবনযাত্রার ব্যয়-সঙ্কটকে আরো বাড়াতে পারে বলেও সতর্ক করে তারা।
২৩ সেপ্টেম্বর ব্রিটেনের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং ৫০ বছরের মধ্যে দেশের সবচেয়ে কড় কর প্যাকেজ উন্মোচন করেছেন। কিন্তু এই পরিকল্পনা সুদের হারের সঙ্গে সরকারি ঋণ বাড়ার আশঙ্কার জন্ম দিয়েছে।
যুক্তরাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী আয়করের হার কমে যাবে। কিন্তু এই প্যাকেজের যেই দিকগুলো বেশি উপার্জনকারীদের উপকারে আসবে সেগুলো পুনঃমূল্যায়ন করতে বলেছে আইএমএফ।
আইএমএফ বৈশ্বিক অর্থনীতিকে স্থিতিশীল করতে কাজ করে থাকে। প্রবৃদ্ধি বাড়ানোর উদ্দেশে প্যাকেজটি উন্মোচন করা হলেও এটি জিনিসপত্রের মূল্য বৃদ্ধির গতিকে ত্বরান্বিত করবে বলে সতর্ক করেছে তারা। যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক এই গতি কমানোর চেষ্টা করছে।
আইএমএফ বলেছে, ‘যুক্তরাজ্যসহ অনেক দেশে উচ্চ মূল্যস্ফীতির চাপ রয়েছে। এই সময় আমরা এই প্যাকেজগুলো সুপারিশ করছি না। কারণ, আর্থিক নীতির উদ্দেশগুলোর সাথে এটি সামঞ্জস্য নয়। ‘
এ ছাড়া যুক্তরাজ্যের এই পদক্ষেপ সম্ভবত বৈষম্য বাড়াবে বলেও মন্তব্য করেছে আইএমএফ।
এদিকে প্রাক্তন ব্রেক্সিট মন্ত্রী এবং প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ঘনিষ্ঠ মিত্র লর্ড ফ্রস্ট আইএমএফের বিবৃতির সমালোচনা করেছেন। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘ব্রিটেনকে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র উপায় হলো কর ও ব্যয় কমানো এবং উল্লেখযোগ্য অর্থনৈতিক সংস্কার। ‘
বিবিসি



