
প্রধান খবরভারত
ভারতী ঘোষের স্বামীকে আজ তলব সিআইডির
রূপসী বাংলা ডট ইউএস ডেস্ক:পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের স্বামীকে তলব সিআইডির। সূত্রের খবর, আজ বেলা বারোটায় তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। না এলে বা হাজিরা এড়ালে আইন মোতাবেক গ্রেফতারির সম্ভাবনাও রয়েছে বলে নোটিসে জানিয়ে দেওয়া হয়েছে।
গতকাল তিন জায়গায় তল্লাশি চালায় সিআইডি। ডিআইজি সিআইডি নিশাত পারভেজ জানান, মাদুরদহের ফ্ল্যাটের একটি বন্ধ আলমারি থেকে ২ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। সিআইডি সূত্রে খবর, উদ্ধার হওয়া টাকার সবই ৫০০ ও ১০০ টাকার নোট। পাশাপাশি, মাদুরদহ আবাসনের কেয়ারটেকার রাজমঙ্গল সিংহকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, নিয়ম বিরুদ্ধভাবে তল্লাশির অভিযোগ তুলে সিআইডির বিরুদ্ধে সোমবার নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করেন ভারতী ঘোষের স্বামী। যদিও নিয়ম মেনেই তল্লাশি চালানো হয়েছে বলে দাবি সিআইডির।



