
প্রধান খবরবাংলাদেশভারত
ভারতের এক নম্বর বন্ধু বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশকে ভারতের এক নম্বর বন্ধু হিসেবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিক পঞ্জিকা (এনআরসি) ভারতের অভ্যন্তরীণ বিষয়।
রবিবার (২২ ডিসেম্বর) ভারতের সরকারি বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বস্ত করে বলেছেন, কোনো অবস্থায়ই এটি বাংলাদেশের ক্ষতি করবে না। ভারতের প্রতি বাংলাদেশের আস্থা আছে বলে জানিয়েছেন আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ভারতের ১ নম্বর বন্ধু। সুতরাং ভারতে যদি কোনো অনিশ্চয়তা তৈরি হয়, তাহলে প্রতিবেশীদের ওপর এর প্রভাব পড়তে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রে যখন অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল, তখন এটি অনেক দেশের ওপর প্রভাব ফেলেছে। কারণ আমরা গ্লোবাল ওয়ার্ল্ডে বসবাস করছি। যে কারণে আমরা আশঙ্কা করছি যে, ভারতে যদি কোনো অনিশ্চয়তা তৈরি হয়, তাহলে এটি প্রতিবেশীদের ওপর প্রভাব ফেলতে পারে।
এটা উদ্বেগজনক। আমরা আশা করছি, পরিস্থিতি শান্ত হবে এবং ভারত এটা থেকে মুক্ত হবে…এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এটা আমাদের কোনো বিষয় নয়। এটা তাদের ফয়সালা করা উচিত।



