
ভারতের বিপক্ষে ভালো খেলবে বাংলাদেশ: শান্ত
বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেট দলের প্রত্যাশা ছিল সুপার এইটে যাওয়া। গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে নাজমুল হোসেন শান্তর দল নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি জয় পাওয়ার সঙ্গে সুপার এইটও নিশ্চিত করে। অ্যান্টিগায় সুপার এইটের লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে কোচ হাথুরুসিংহে জানিয়েছেন, এখানে বাংলাদেশের সবকিছুই বোনাস। অজিদের বিপক্ষে বোনাস ভেবে খেলতে নামা বাংলাদেশ অ্যান্টিগায় পাত্তাই পায়নি।
আগে ব্যাট করতে নেমে মাত্র ১৪০ করা বাংলাদেশ বৃষ্টি আইনে ২৮ রানে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। হারের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত জানিয়েছেন, তাদের আরও রান করা উচিত ছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘উইকেট একটু মন্থর হলেও ভালো ছিল। আমাদের অন্তত ১৭০ রান করা উচিত ছিল।’
অধিনায়ক হিসেবে দলের নেতৃত্ব ও বাড়তি দায়িত্ব কেমন উপভোগ করছেন জানিয়ে শান্ত বলেন, ‘দায়িত্ব নেওয়াটা উপভোগ করি। এখন পর্যন্ত ঠিক পথেই আছি। আশা করি, আরও অবদান রাখতে পারব। আজ টপ অর্ডার রান পেয়েছে, যেটা গুরুত্বপূর্ণ ছিল। আগের কয়েকটি ম্যাচে আমরা ভুগেছি। আগের দুই-তিনটি সিরিজ এবং এই বিশ্বকাপেও বোলাররা ভালো করেছে। আশা করি, তারা এটা ধরে রাখবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ দুই উইকেট হারানোর পর রিশাদ হোসেনকে টপ অর্ডারে নামানো হয়, কেন এমন সিদ্ধান্ত এই প্রসঙ্গে শান্ত বলেন, ‘এমন (অস্ট্রেলিয়া) দলের বিপক্ষে আমাদের ঝুঁকি নিতেই হতো। আজ যেমন রিশাদ চারে নেমেছে। কারণ, তখন জাম্পা বোলিং করছিল। আমরা জানি, রিশাদ স্পিন খুব ভালো খেলে; কিন্তু আজ পারেনি। এটা হতেই পারে। তবে আজ আমরা ভিন্ন কিছু চেষ্টা করেছি।’
সুপার এইটে বাংলাদেশের পরের ম্যাচ ভারতের বিপক্ষে আগামীকাল। সেই ম্যাচে ঘুরে দাঁড়ানোর আভাস জানিয়ে শান্ত বলেন, ‘আশা করি, ভারতের বিপক্ষে আমরা ভালো খেলব।’



