
ভারতে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৮
ভারতে গুজরাটের আহমেদাবাদে করোনাভাইরাসের রোগীদের একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) মধ্যরাত ৩টায় নভ্রাংপুরা এলাকার শ্রেই হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের পরপরই দমকল বাহিনীর ৮টি ইউনিট ও ১০টি অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছায়। আইসিইউ ওয়ার্ডের পাঁচজন পুরুষ ও তিন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। ৫০ শয্যার ওই হাসপাতালে দুর্ঘটনার সময় ৪৫ রোগী ভর্তি ছিলেন। বাকিদের উদ্ধার করে শহরের সরকারি হাসপাতাল সর্দার বল্লভভাই প্যাটেল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চে নেওয়া হয় বলে জানান এক কর্মকর্তা।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ‘আহমেদাবাদের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি শোকসন্তপ্ত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন এবং হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই। এছাড়া নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ ও আহতদের ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ৮ রোগীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।❐
এনডিটিভি



