যুক্তরাষ্ট্র

ভারতে যুদ্ধবিমান সরবরাহসহ সামরিক সরঞ্জাম বিক্রি বাড়াবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

নিউ ইয়র্ক প্রতিনিধি: ভবিষ্যতে ভারতে এফ-৩৫ স্টেলথ ফাইটার যুদ্ধ বিমান সরবরাহসহ চলতি বছর থেকে সামরিক সরঞ্জাম বিক্রি বাড়ানোর ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প সাংবাদিকদের জানান, আমরা ভারতের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি করে কয়েক বিলিয়ন ডলার বাড়াবো। এছাড়া, শেষ পর্যন্ত ভারতকে এফ-৩৫ স্টেলথ ফাইটার দেওয়ার পথ তৈরি করছি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও জানান যে, দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হয়েছে, যার আওতায় ভারত যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পরিমাণে তেল ও গ্যাস আমদানি করবে। এর ফলে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমবে।

তিনি আরও বলেন, ওয়াশিংটন ও নয়াদিল্লি একসঙ্গে কাজ করবে চরমপন্থী ইসলামী সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলা করতে।

এফ-৩৫ জেটের নির্মাতা সংস্থা লকহিড মার্টিন ট্রাম্পের ঘোষণার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। সাধারণত এফ-৩৫-এর মতো যুদ্ধবিমান বিক্রি সরকার-টু-সরকার ভিত্তিতে হয়, সেখানে মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে।

ভারত ২০০৮ সাল থেকে যুক্তরাষ্ট্র থেকে ২০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের সামরিক সরঞ্জাম কিনেছে। গত বছর, ভারত ৩১টি এমকিউ-৯বি সি গার্ডিয়ান ও সি গার্ডিয়ান ড্রোন কেনার চুক্তি স্বাক্ষর করেছে, যা ছয় বছরের আলোচনার পর চূড়ান্ত হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension