
ভোট পুনর্গণনার দাবি নিয়ে মধ্য রাতে ইসিতে আওয়ামী লীগের প্রার্থী
ঢাকা-৫ আসনে নৌকা প্রতীকের প্রার্থী হারুনর রশীদ মুন্নাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে অল্প ব্যবধানে পরাজয়ের পর ভোট পুনর্গণনার দাবি তুলেছেন আওয়ামী লীগের প্রার্থী।
ট্রাক প্রতীকে মোল্লা সজল ভোট পেয়েছেন ৫০ হাজার ৬৩১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী হারুনর রশীদ (মুন্না) ৫০ হাজার ৩৩৪ ভোট পেয়েছেন। মুন্নার দাবি, সব কেন্দ্রে বিজয়ী হয়েছেন তিনি। তার সমর্থকেরা বিজয় মিছিলের জন্য প্রস্তুতও ছিল। কিন্তু চূড়ান্ত ঘোষণায় দেখা যায়, তিনি পরাজিত হয়েছেন।
পরে কেন্দ্র ভিত্তিক ভোট পুনরায় গণনার দাবি নিয়ে গতকাল রোববার (৭ জানুয়ারি) দিবাগত মধ্য রাতে নির্বাচন কমিশনে যান মুন্না।
এসময় মুন্না বলেন, আমি আওয়ামী লীগের প্রার্থী, আমি বিজয়ী হয়েছি। আমার দল আওয়ামী লীগ এটা দেখবে। ভোট কারচুপি হয়নি, তবে গণনায় ভুল হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ভুল করেছে। আমরা ৬১৩ ভোটে জিতেছি। কিন্তু ২৯৭ ভোটে হার দেখানো হয়েছে। ১৮৭টি কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবি জানাচ্ছি আমি।
এসময় নৌকা প্রতীকের প্রার্থীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবির কাওসার। তিনি বলেন, আমরা আজকে ইসিকে বিষয়টি জানিয়েছি। আগামীকাল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জানাব।



